Ajker Patrika

মেটার স্মার্ট চশমায় নারীদের গোপনে ধারণ—বাড়ছে সন্দেহ ও আতঙ্ক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৪
মেটার স্মার্ট চশমায় নারীদের গোপনে ধারণ—বাড়ছে সন্দেহ ও আতঙ্ক
মেটার স্মার্ট চশমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত

রাস্তায় অপরিচিত নারীর সঙ্গে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মেটার ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমা ব্যবহারকারীদের বিরুদ্ধে। এতে জনসমক্ষে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভারতে এমন একটি ঘটনার জেরে মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সাংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, ভারতের কলকাতার ৩৫ বছর বয়সী অধ্যাপক ইয়ামিনি গত জুনের এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এক অপরিচিত ব্যক্তির মুখোমুখি হন। রাত সোয়া ৮টার দিকে কিছুটা নির্জন এলাকায় লোকটি তাঁকে থামিয়ে বলে, দূর থেকে তাঁকে দেখে ‘কিউট’ মনে হয়েছে। ইয়ামিনি দ্রুত পরিস্থিতি শেষ করতে ভদ্রভাবে জবাব দিয়ে চলে যান। তখন তিনি জানতেন না, লোকটি তাঁর সঙ্গে হওয়া কথোপকথনটি মেটার স্মার্ট চশমা দিয়ে গোপনে ভিডিও করছিল।

পরদিন এক শিক্ষার্থীর কাছ থেকে তিনি জানতে পারেন, ওই ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে। ভিডিওটির নির্মাতা নিজেকে ‘পিক-আপ আর্টিস্ট’ হিসেবে তুলে ধরে রাস্তায় নারীদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তার উদাহরণ হিসেবে ইয়ামিনির সঙ্গে কথোপকথনটি ব্যবহার করেছিলেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ২৩ লাখের বেশি মানুষ তা দেখেন।

ভিডিওটি দেখার পর ইয়ামিনি আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। কারণ এতে তিনি দেখতে পান, লোকটি তাঁকে কিছুক্ষণ অনুসরণ করার পর কথা বলতে এগিয়ে এসেছিল। ভিডিওটি দেখেই তিনি বুঝতে পারেন, ঘটনাটি শুধু একটি আকস্মিক কথোপকথন ছিল না।

এ ধরনের ঘটনা শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন স্থানে ঘটেছে। চলতি বছর ২২ বছর বয়সী ব্রিটিশ শিক্ষার্থী ইসোবেল থম্পসনও অভিযোগ করেন, এক ব্যক্তি মেটার স্মার্ট চশমা দিয়ে তাঁকে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের কথা জানিয়েছিলেন। এতে তিনি আতঙ্কিত বোধ করেন।

ইয়ামিনির পক্ষে ভারতের ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) মেটাকে আইনি নোটিশ পাঠিয়েছে। ভিডিওর সব কপি সরানো, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও ডিভাইসের তথ্য প্রকাশ, প্রমাণ সংরক্ষণ, ক্ষমা চাওয়া এবং প্রায় ২ কোটি ৫ লাখ রুপি ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।

মেটার দাবি—তাদের স্মার্ট চশমায় গোপনীয়তা রক্ষার ব্যবস্থা রয়েছে। চশমায় ভিডিও ধারণের সময় একটি এলইডি বাতি জ্বলে, যা বন্ধ করা যায় না। কেউ সেটি ঢেকে দিলে ক্যামেরা নিষ্ক্রিয় হয়ে যায় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে ইয়ামিনি বলেন, ওই ব্যক্তির চশমায় তিনি কোনো রেকর্ডিং লাইট দেখতে পাননি। সাধারণ একটি চশমার ভেতরে ক্যামেরা থাকতে পারে—এমন সম্ভাবনাও তাঁর মাথায় আসেনি।

গত জুলাইয়ে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছিলেন, অপরিচিত মানুষকে হয়রানি করে এমন ভিডিও, বিশেষ করে ‘পিক-আপ লাইন’ ধরনের গোপনে ধারণ করা ভিডিও সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মেটার নীতিমালাতেও হয়রানি ও যৌন-ইঙ্গিতপূর্ণভাবে কাউকে উপস্থাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে।

পুলিশে অভিযোগ জানানোর পর ইয়ামিনির ঘটনায় অন্যায় বাধা প্রদান ও স্টকিংসহ কয়েকটি ধারায় মামলা হয়েছে। তবে এই ঘটনায় সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে ইয়ামিনির মানুষের প্রতি বিশ্বাসে। রাস্তায় কেউ এগিয়ে এলেই এখন তিনি এখন সন্দেহ করেন, তাঁকে গোপনে ধারণ করা হচ্ছে কি না।

ইয়ামিনির মতে, মোবাইল ফোন দিয়ে কেউ প্রকাশ্যে ভিডিও করলে অন্তত তাকে আপত্তি জানানোর সুযোগ থাকে। কিন্তু স্মার্ট চশমার ক্ষেত্রে সেই সুযোগটিই থাকে না। ফলে নিজের ছবি ও ব্যক্তিগত মুহূর্তের ওপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি তৈরি হয়।

মেটা জানিয়েছে, ইয়ামিনিকে নিয়ে তৈরি ভিডিওটি পরে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা স্মার্ট চশমার গোপনীয়তা সুরক্ষা আরও শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত