
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই পরিসংখ্যান চ্যাটজিপিটির ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধির দিকটিই তুলে ধরছে।
তুলনামূলকভাবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের সার্চ ইঞ্জিনে দৈনিক কতটি অনুসন্ধান হয়, সে তথ্য প্রকাশ করে না। তবে কিছুদিন আগে তারা জানিয়েছে, বছরে গুগলে প্রায় ৫ ট্রিলিয়ন অনুসন্ধান হয়। এর মানে, গড়ে প্রতিদিন ১ হাজার ৪০০ কোটির মতো সার্চ হয় গুগলে।
ডিজিটাল মার্কেটিং গবেষণা সংস্থা এনপি ডিজিটালের প্রতিষ্ঠাতা নিল প্যাটেল ধারণা দিয়েছেন, গুগলে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৭০ কোটির মতো অনুসন্ধান হয়। অন্যদিকে মার্কেটিং প্রতিষ্ঠান স্পার্কটোরো ও ডাটোস জানায়, গুগলের দৈনিক অনুসন্ধানের সংখ্যা ১ হাজার ৬৪০ কোটির কাছাকাছি।
তবে চ্যাটজিপিটির দ্রুত বিকাশ প্রযুক্তি খাতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। গত বছরের ডিসেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী সাম অল্টম্যান বলেছিলেন, প্রতিদিন এক বিলিয়ন বা ১০০ কোটির বেশি প্রম্পট পাচ্ছে চ্যাটজিপিটি। তার সেই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, মাত্র আট মাসেই চ্যাটজিপিটির ব্যবহার দ্বিগুণের বেশি বেড়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে চ্যাটজিপিটি গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও ব্যবহারের সংখ্যার দিক দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে।
চলতি মাসের শুরুতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই শিগগিরই একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজার বাজারে আনতে যাচ্ছে, যা সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হবে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে একটি নতুন টুল উন্মোচন করেছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করাতে পারবেন।
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ শুধু ওয়েব ব্রাউজিং নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর দিকেই এগিয়ে যাচ্ছে ওপেনএআই।

জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে রুশ সরকার। আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর পরিবর্তে নাগরিকদের রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে নজরদারি বাড়িয়েছে টেক জায়ান্ট গুগল। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পরিচয় চুরিতে ব্যবহৃত ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেলে তা গুগলের মাধ্যমে ট্র্যাক করা শিগগিরই সম্ভব হবে।
১ দিন আগে
চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন প্রদর্শনের পরীক্ষা করছে। এই পরীক্ষা চলছে ফ্রি এবং গো সাবস্ক্রিপশন টায়ারে। এই দুই টায়ারই চ্যাটজিপিটির সবচেয়ে সস্তা প্যাকেজ। অনেকের মতে, এটাই হয়তো বিজ্ঞাপনহীন চ্যাটজিপিটির শেষের শুরু।
২ দিন আগে
কয়েক বছর আগেও এআই নতুন এক প্রযুক্তি হিসেবে ধীরে ধীরে এগোচ্ছিল। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর সবকিছু যেন দ্রুত বদলে যেতে থাকল। মাঝে চীনের ডিপসিক নিয়েও চলল ব্যাপক আলোচনা। খুব অল্প সময়ের মধ্যে এআই পুরো বৈশ্বিক প্রতিযোগিতা হিসেবে গড়ে উঠল।
৩ দিন আগে