
নিরাপত্তা ঝুঁকি ও সাইবার হামলা মোকাবিলায় নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বা এআই মডেলগুলো বাজারে ছাড়ার আগেই সরকারের সঙ্গে শেয়ার করার ঘোষণা দিয়েছে গুগল, মাইক্রোসফট এবং এক্সএআই (xAI)। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) এই তথ্য জানিয়েছে।
গত মাসে অ্যানথ্রোপিকের নতুন এআই মডেল মিথোস (Mythos) এআই মডেলটি সাইবার নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে এমন উদ্বেগ সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে এই সরকারি সহযোগিতা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। এর ফলে হোয়াইট হাউস এআই মডেলগুলোর জন্য একটি আনুষ্ঠানিক পর্যালোচনা প্রক্রিয়া চালুর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
নতুন এই চুক্তির আওতায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশন’ (সিএআইএসআই) নতুন এআই মডেলগুলো বাজারে আসার আগেই সেগুলো জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা মূল্যায়ন করতে পারবে। এই কেন্দ্রটি মডেলগুলো উন্মোচনের পরেও গবেষণা ও পরীক্ষা চালিয়ে যাবে। তারা এরই মধ্যে ৪০টির বেশি এআই মডেল মূল্যায়ন সম্পন্ন করেছে।
সিএআইএসআইয়ের পরিচালক ক্রিস ফল এক বিবৃতিতে বলেন, ‘এআই এবং জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব বোঝার জন্য স্বতন্ত্র ও কঠোর বৈজ্ঞানিক পরিমাপ অপরিহার্য। এই গুরুত্বপূর্ণ সময়ে শিল্পের সঙ্গে এই বর্ধিত সহযোগিতা জনস্বার্থে আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।’
অ্যানথ্রোপিকের দাবি অনুযায়ী, তাদের মিথোস মডেলটি সাইবার নিরাপত্তার দিক থেকে অন্যান্য মডেলের চেয়ে অনেক এগিয়ে। গত এক মাসে এই মডেলটি বিভিন্ন দেশের সরকার, ব্যাংক এবং ইউটিলিটি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগের ঢেউ তুলেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এই মডেলটি এখনই জনসাধারণের জন্য উন্মুক্ত করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এবং শুধু অনুমোদিত নির্দিষ্ট কিছু সংস্থাকে এর অ্যাক্সেস দিচ্ছে। এ ছাড়া এর সক্ষমতা সম্পর্কে মার্কিন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
গত সপ্তাহে ওপেনএআই জানিয়েছে, তারাও এআই-এর হুমকিগুলো আগেভাগে শনাক্ত করার লক্ষ্যে তাদের সবচেয়ে উন্নত মডেলগুলো সরকারের পরীক্ষিত সব স্তরের জন্য উন্মুক্ত করছে।
জর্জটাউন সেন্টারের ফর সিকিউরিটি অ্যান্ড এমার্জিং টেকনোলজির সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট জেসিকা জি বলেন, এই অংশীদারত্বের ফলে সিএআইএসআইয়ের জন্য এআই পরীক্ষা করা সহজ হবে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতো পর্যাপ্ত জনবল, কারিগরি কর্মী কিংবা শক্তিশালী কম্পিউটিং সুবিধার অভাবে সরকারি সংস্থাগুলোর পক্ষে এই ধরনের কঠোর পরীক্ষা চালানো কঠিন ছিল বলে উল্লেখ করেন তিনি।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, বর্তমানে হোয়াইট হাউস নতুন এআই মডেলগুলোর সরকারি পর্যালোচনা প্রক্রিয়া কেমন হতে পারে, সে বিষয়ে একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে পরামর্শ করছে। এটি ট্রাম্প প্রশাসনের এআই খাতের প্রতি এতদিনকার নমনীয় নিয়ন্ত্রণের নীতি থেকে সরে আসার একটি বড় ইঙ্গিত।
দ্য নিউইয়র্ক টাইমস গত সোমবার এই ওয়ার্কিং গ্রুপের খবরটি প্রথম প্রকাশ করে।
অবশ্য হোয়াইট হাউসের এক মুখপাত্র সিএনএনকে বলেন, ‘যেকোনো নীতিগত ঘোষণা সরাসরি প্রেসিডেন্টের কাছ থেকে আসবে। সম্ভাব্য নির্বাহী আদেশ নিয়ে এখন যা বলা হচ্ছে তা কেবলই অনুমান।’
মাইক্রোসফটের চিফ রেসপন্সিবল এআই অফিসার নাতাশা ক্র্যাম্পটন এক বিবৃতিতে বলেন, মাইক্রোসফট নিয়মিতভাবে নিজেদের মডেলগুলো পরীক্ষা করে, তবে সিএআইএসআই অতিরিক্ত প্রযুক্তিগত, বৈজ্ঞানিক এবং জাতীয় নিরাপত্তাবিষয়ক দক্ষতা দিয়ে সহায়তা করতে পারবে।
এই চুক্তির বিষয়ে গুগল বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এ ছাড়া এক্সএআইয়ের পক্ষ থেকেও মন্তব্যের অনুরোধে কোনো সাড়া পাওয়া যায়নি।

তার মুখে ব্রণ আছে, ত্বকে ছোট ছোট দাগ। চোখের নিচে ক্লান্তির ছাপ। সারাদিনের পর মেকআপও কিছুটা ফিকে হয়ে যায়। সিঁড়ি ভাঙতে গেলে ঘাম হয়, চুল এলোমেলো হয়ে যায়, পোশাকে ফুটে ওঠে ঘামের দাগ। কখনো কখনো ভুলও করে সে।
৮ ঘণ্টা আগে
শিশুদের ক্ষেত্রে মেটার প্ল্যাটফর্মগুলো যে ধরনের ঝুঁকি তৈরি করে, সে বিষয়ে জনসাধারণকে যথাযথভাবে সতর্ক করতে ব্যর্থ হওয়ার অভিযোগে কোম্পানিটিকে আরও প্রায় ৫৭ কোটি বা ৫৬৭ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার বিরুদ্ধে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় রায়।
৩ দিন আগে
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট প্রযুক্তির সমন্বয়ে এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা শূকরকে মানুষের সহায়তা ছাড়াই সুচবিহীন (নিডল-ফ্রি) পদ্ধতিতে টিকা দিতে সক্ষম। বিশ্বের সবচেয়ে বড় শূকরের মাংস উৎপাদনকারী দেশ হিসেবে উৎপাদন আরও দক্ষ ও আধুনিক করতে এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ...
৩ দিন আগে
ভারতে গুগলের পরিকল্পিত ডেটাসেন্টার হাব নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। প্রকল্পস্থলে পাহাড়ের ঢাল ইতিমধ্যে খুঁড়ে লাল মাটির বিস্তীর্ণ অংশ উন্মুক্ত করা হয়েছে এবং সেটিকে ধাপে ধাপে টেরেসের মতো করে সাজানো হয়েছে। তবে পরিবেশবাদীদের ক্রমবর্ধমান বিরোধিতা মার্কিন প্রযুক্তি জায়ান্টের ১৫ বিলিয়ন ডলারের প্রকল্পে
৩ দিন আগে