
যুক্তরাষ্ট্রে অধিকাংশ অঙ্গরাজ্যে বাজি ও জুয়া খেলার আইনি বয়স ২১ বছর হলেও আইনি ফাঁকফোকর ব্যবহার করে ‘প্রেডিকশন মার্কেট’ অ্যাপে শত শত কোটি ডলার ঢালছেন ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণেরা। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই বয়সের তরুণেরা চলতি বছরে কেবল ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মেই প্রায় ৫ দশমিক ৪ বিলিয়ন (৫৪০ কোটি) মার্কিন ডলার লেনদেন করেছেন।
খেলাধুলার ফলাফল, নির্বাচন, আবহাওয়া থেকে শুরু করে বিনোদন জগতের বিভিন্ন ঘটনার ওপর বাজি ধরার এই অনলাইন ব্যবস্থাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
সাধারণত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যভিত্তিক ক্যাসিনো ও স্পোর্টসবুকগুলোতে ২১ বছরের কম বয়সীদের প্রবেশ ও বাজি ধরা নিষিদ্ধ। তবে প্রেডিকশন মার্কেটগুলোকে কেন্দ্রীয় অর্থবাজার হিসেবে পরিচালনা করায় ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো আমেরিকান এতে অংশ নিতে পারছেন।
আইনপ্রণেতা, ভোক্তা অধিকারকর্মী এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধরনের অনিয়ন্ত্রিত সুযোগ উদীয়মান তরুণদের ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কালশি প্ল্যাটফর্মের মোট কারবারের প্রায় ৮০ শতাংশই আসে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং ‘পারলে’ (একাধিক ম্যাচের ফল মিলিয়ে বাজি ধরা) থেকে। সিএনএনের পর্যালোচনা অনুযায়ী, ১৮ থেকে ২১ বছর বয়সী ব্যবহারকারীরা চলতি বছর কেবল স্পোর্টস সংক্রান্ত ক্যাটাগরিতেই প্রায় ৩ দশমিক ৯ বিলিয়ন (৩৯০ কোটি) ডলার লেনদেন করেছেন।
গেমিং শিল্পবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘সেন্টার লাইন স্ট্র্যাটেজিজ’-এর প্রধান জোনাথন মাইকেলস জানান, সাধারণত গ্রীষ্মকালে খেলার বাজি কিছুটা কম থাকে। তবে ফিফা বিশ্বকাপ পরিস্থিতি বদলে দিয়েছে। আসন্ন শরতে ফুটবল মৌসুম শুরু হলে প্রেডিকশন মার্কেটগুলোতে লেনদেনের রেকর্ড তৈরি হবে, যার বড় প্রভাব পড়বে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ওপর।
কালশির দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছর তাদের মোট লেনদেনের পরিমাণ ১৭৩ বিলিয়ন (১৭,৩০০ কোটি) ডলার ছাড়িয়ে গেছে। কালশির একজন মুখপাত্র জানান, তাদের প্ল্যাটফর্মে ১৮ থেকে ২১ বছর বয়সীদের অবদান মোট লেনদেনের ৩ দশমিক ১৪ শতাংশ।
তরুণদের জুয়ার ঝুঁকি কমাতে কালশি তাদের প্ল্যাটফর্মে জমার সীমা (ডিপোজিট লিমিট) এবং ঝুঁকিপূর্ণ আচরণের সতর্কবার্তা দেওয়ার কথা জানিয়েছে। এ ছাড়া জুয়ার আসক্তি প্রতিরোধে ‘ন্যাশনাল কাউন্সিল ফর প্রবলেম গ্যাম্বলিং’-কে ২০ লাখ ডলার অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাজ্য ও বিশ্বের অন্যান্য দেশের মতো নয়, বরং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনে প্রেডিকশন প্ল্যাটফর্মগুলো যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের জুয়া আইন বা করের আওতাভুক্ত নয়। এগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে ‘কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন’ (সিএফটিসি)।
তবে সিএফটিসি-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৪টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল, আদিবাসী গোষ্ঠী এবং ক্যাসিনো মালিকদের সংগঠন লড়াই শুরু করেছে।
আমেরিকান গেমিং অ্যাসোসিয়েশনের (এজিএ) সভাপতি বিল মিলার সিএনএনকে বলেন, ‘বেশির ভাগ অভিভাবকই জানেন না যে এই প্রেডিকশন মার্কেট আসলে ২১ বছরের কম বয়সীদের জন্য খেলাধুলার বাজিতে নামার এক গোপন পেছনের পথ।’
তিনি আরও বলেন, ‘একজন প্রথম বর্ষের কলেজ শিক্ষার্থী বৈধ স্পোর্টসবুকে যেতে পারে না, কিন্তু সে মোবাইল বের করে খুব সহজেই কালশি অ্যাপ ব্যবহার করে ফুটবলে বাজি ধরতে পারছে।’
অন্যদিকে, সমর্থকেরা যুক্তি দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রে ১৮ বছর বয়সেই একজন নাগরিক শেয়ার বাজারে লেনদেন করতে পারেন, তাই প্রেডিকশন মার্কেটে বিনিয়োগ বা বাজি ধরতেও আইনি কোনো বাধা থাকা উচিত নয়।
চলমান বিতর্কের মুখে জাতীয় কলেজ ক্রীড়া সংস্থা (এনসিএএ), এনএফএল, এনবিএ এবং পিজিএ ট্যুরের মতো প্রধান ক্রীড়া সংস্থাগুলো সিএফটিসি-কে প্রেডিকশন মার্কেটের সর্বনিম্ন বয়স বাড়িয়ে ২১ করার জোর তাগিদ দিয়েছে। তবে সিএফটিসি সেই আহ্বান প্রত্যাখ্যান করে ১৮ বছর বয়সের নীতিতেই অটল রয়েছে।
কয়েকটি উদীয়মান প্রেডিকশন প্ল্যাটফর্ম অবশ্য স্বেচ্ছায় ২১ বছরের বাধ্যবাধকতা চালু করেছে। যেমন ‘নোভিগ’ (Novig) নামের একটি নতুন সংস্থা এনসিএএ ও প্রফেশনাল লিগগুলোর উদ্বেগকে সম্মান জানিয়ে কেবল ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য সার্ভিস চালু করেছে।
নোভিগের প্রধান নির্বাহী জ্যাকব ফোরটিনস্কি বলেন, ‘কলেজ পড়ুয়া তরুণেরা দায়িত্বজ্ঞানহীন লেনদেন বা বাজির প্রবণতায় অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ। আমরা চাই না আমাদের ব্যবসা তাদের সেই ঝুঁকিতে ফেলুক।’
প্রেডিকশন মার্কেটে তরুণদের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা এবং ক্যাসিনো লবিগুলোর এই লড়াই আগামীর দিনগুলোতে আরও তীব্র হতে যাচ্ছে বলে মনে করছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকেরা।

গত বছর সার্চ অপশনে এআই মোড চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনীয় লিংকসহ প্রাসঙ্গিক উত্তর পান। এবার এই অপশনে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করেছে গুগল, যার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা বেশ উপকৃত হবেন। গুগল ভ্রমণকেন্দ্রিক নতুন কিছু সুবিধা যুক্ত করে এআই মোডের পরিধি বাড়াচ্ছে
১ ঘণ্টা আগে
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
২ দিন আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...
৩ দিন আগে