বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত

গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। এবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির শুরুতে সেই ভারতের সামনে পড়তে হচ্ছে। প্রতিপক্ষ হিসেবে ভারত বরাবরই কঠিন হলেও নিজেদের প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম। তাঁর বিশ্বাস, কোচের পরিকল্পনা অনুযায়ী সেরা খেলা খেলতে পারলে মাঠ থেকে ভালো ফল নিয়ে ফেরা সম্ভব।
ভারতের পাঞ্জাবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকায় প্রাথমিক প্রস্তুতি সারার পর ভারতে গিয়েও প্রতিদিন দুই বেলা ঘাম ঝরিয়েছেন খেলোয়াড়েরা। মাঠের লড়াইয়ে নামার আগে দলের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি ঝরেছে অধিনায়কের কণ্ঠে।
গতকাল অনুশীলন শেষে আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো। আপনারা জানেন, আমরা এখানে এসে প্রতিদিন দুই বেলা অনুশীলন করছি। কালকে ম্যাচ, আজকে (গতকাল) সকালে অনুশীলন সেশন শেষ করলাম। আমাদের প্র্যাকটিস সেশন খুব ভালো গেছে। খেলোয়াড়েরা আত্মবিশ্বাস নিয়ে সবকিছু করছে। কোচ যেভাবে পরিকল্পনা করেছেন, সেভাবে সেরা খেলা খেলতে পারলে ভালো একটা ফল হবে।’
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ভারত অধিনায়ক হারমানপ্রীত, ‘সব দলই এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়তে এবং জিততে এসেছে। সবাই শক্তিশালী এবং আমরা কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চাই না। সবাই এখানে সেরাটা দিতে এসেছে।’
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সর্বশেষ অংশ নিয়েছিল ২০২১ সালে। ঘরের মাঠে আয়োজিত সেই আসরে পঞ্চম হয়েছিল দল।








_11zon-3d05b4-256x144.webp)
