Ajker Patrika

শিরিনের রেকর্ড গড়া ডাবল, সেরা অ্যাথলেট ইমরানুর-প্রিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিরিনের রেকর্ড গড়া ডাবল, সেরা অ্যাথলেট ইমরানুর-প্রিয়া
ইমরানুর রহমান ও শিরিন আক্তার। ছবি: অ্যাথলেটিকস ফেডারেশন

জাতীয় সামার অ্যাথলেটিকসের শেষ দিনে নারী ২০০ মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন শিরিন আক্তার। পুরুষদের একই ইভেন্টে সোনা জিতেছেন ইমরানুর রহমান। তবে ১৯৯৯ সালে মাহবুব আলমের গড়া জাতীয় রেকর্ডটি ভাঙা হয়নি তাঁর। নিজের মূল ইভেন্ট ১০০ মিটারের প্রস্তুতির অংশ হিসেবে আনন্দের ছলেই ২০০ মিটারে দৌড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টার। তিনটি ইভেন্টে সোনা জিতে প্রতিযোগিতার সেরা অ্যাথলেটও হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টার। নারী বিভাগে সেরা অ্যাথলেটের পুরস্কার পেয়েছেন নৌবাহিনীর প্রিয়া আক্তার।

আজ জাতীয় স্টেডিয়ামে নারী ২০০ মিটার স্প্রিন্ট শেষ করতে শিরিন সময় নিয়েছেন ২৪.৩৫ সেকেন্ড। ২০২৪ সালে ২৪.৬৮ সেকেন্ড সময় নিয়ে গড়া নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। এই ইভেন্টে ২৫.১১ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন। ২৫.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন একই দলের বর্ষা খাতুন।

নারীদের আগে বিকেল পৌনে চারটায় অনুষ্ঠিত হয় পুরুষদের ২০০ মিটার স্প্রিন্ট। ২১.১৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ইমরানুর। মাহবুব আলমের ২১.১৫ সেকেন্ডের জাতীয় রেকর্ডের চেয়ে মাত্র ০.০৩ সেকেন্ড বেশি সময় নিয়েছেন তিনি। ২১.৬৩ সেকেন্ডে দৌড় শেষ করে রুপা জিতেছেন সেনাবাহিনীর শান্ত কর্মকার। নৌবাহিনীর রাকিবুল হাসান ২১.৭৭ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

নিজের প্রিয় ৬০ ও ১০০ মিটারের বাইরে ২০০ মিটারে সোনা জিতে সন্তুষ্ট ইমরানুর। আসন্ন সাফ গেমসের আগে প্রস্তুতির অংশ হিসেবেই এই ইভেন্টে অংশ নিয়েছেন তিনি। এর আগে গত বছরের আগস্টে সামার অ্যাথলেটিকসেও ২০০ মিটারে দৌড়েছিলেন এই স্প্রিন্টার।

নিজের দৌড় নিয়ে ইমরানুর বলেন, ‘আসলে... কেমন করি সেটা দেখার জন্য এবং কেবল অনুশীলনের অংশ হিসেবেই আমি এই ইভেন্টে অংশ নিয়েছি—একটু সাধারণ ও আনন্দের ছলে। শুধু এ কারণেই অংশ নেওয়া। আমি তো মূলত ১০০ মিটার ও ৬০ মিটারে পারদর্শী; ২০০ মিটারের অনুশীলন করি না। তবে আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। ফলাফলে আমি সন্তুষ্ট। আর আগামী বছর যদি নিয়মিত অনুশীলন করি, ইনশাআল্লাহ আরও ভালো করতে পারব।’

শেষ দিনের অন্য ইভেন্টগুলোতেও ছিল সেনাবাহিনী ও নৌবাহিনীর অ্যাথলেটদের সাফল্য। পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে ৩৩ মিনিট ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন সেনাবাহিনীর সোহানুর রহমান।

পুরুষদের ৮০০ মিটারে সেনাবাহিনীর মোশারফ হোসেন সোনা জিতেছেন ১ মিনিট ৫৩.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করে। একই দলের রাকিবুল ইসলাম ১ মিনিট ৫৪.৯৫ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং বিকেএসপির মো. সামি ইসলাম সানি ১ মিনিট ৫৬.৭৪ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন।

নারীদের ৮০০ মিটারে নৌবাহিনীর প্রিয়া আক্তার সোনা জিতেছেন ২ মিনিট ১৭.৮৮ সেকেন্ড সময় নিয়ে। সেনাবাহিনীর মুন্নি কর্মকার ২ মিনিট ১৯.৩৫ সেকেন্ডে রুপা এবং নৌবাহিনীর মোছা. সুমাইয়া আক্তার ২ মিনিট ২০.৮৩ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন। প্রিয়া এর আগে রেকর্ড গড়েছেন ১৫০০ মিটার ও ৩০০০ মিটার দৌড়ে।

দিনের শেষ ইভেন্ট নারীদের ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে নতুন জাতীয় রেকর্ড গড়েছে বাংলাদেশ নৌবাহিনী। শিরিন আক্তার, সুমাইয়া আক্তার, নুসরাত জাহান রুনা ও সুমাইয়া দেওয়ানের দলটি সময় নিয়েছে ৩ মিনিট ৪৮.৬ সেকেন্ড। ৩ মিনিট ৫২.৮৮ সেকেন্ডে দৌড় শেষ করে রুপা জিতেছে সেনাবাহিনী। বিকেএসপি ব্রোঞ্জ পেয়েছে ৪ মিনিট ৯.৩ সেকেন্ড সময় নিয়ে।

তিন দিনের প্রতিযোগিতা শেষে ২১টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জসহ মোট ৬০টি পদক নিয়ে শীর্ষে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ ৪৫টি পদক নিয়ে দ্বিতীয় বাংলাদেশ নৌবাহিনী। একটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জসহ চারটি পদক নিয়ে তৃতীয় হয়েছে বিকেএসপি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত