এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
_11zon-3d05b4-480x270.webp)
ইরাকের সুলাইমানিয়াহতে এশিয়া কাপ আর্চারিতে (ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২) স্বর্ণপদকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী—দুই দলগত ইভেন্টেই ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চাররা। দুই ফাইনালেই প্রতিপক্ষ কাজাখস্তান।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দলটি জিতেছে সরাসরি ৬-০ সেট পয়েন্টে। র্যাঙ্কিং রাউন্ডে প্রথম হওয়ায় কোয়ার্টার ফাইনাল খেলতে হয়নি বাংলাদেশের আর্চারদের। শেষ আটে পাকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উজবেকিস্তান। ফাইনালে ওঠার অন্য লড়াইয়ে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে কাজাখস্তান।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও ফাইনালে যাওয়ার পথে দাপট দেখিয়েছে বাংলাদেশ। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির দল সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে ২৩৩-২১৯ পয়েন্টে। র্যাঙ্কিং রাউন্ডে শীর্ষে থাকায় এই ইভেন্টেও প্রথম পর্বে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ করতে ইরাক ও কাজাখস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্ধারিত সময়ে দুই দলের স্কোর ছিল ২১৭-২১৭। পরে শুটঅফে ২৯-২৭ পয়েন্টে জিতে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান।
রিকার্ভ পুরুষ দলের ফাইনাল ২৮ অক্টোবর। পরদিন ২৯ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে নামবে কম্পাউন্ড নারী দল।









