শ্রীলঙ্কার কাছে হেরে পদক লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

স্কটল্যান্ডকে ৭৫-১৫ পয়েন্টে উড়িয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ নারী কাবাডি দল। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ছিটকে গেছে পদকের লড়াই থেকে।
আজ গুজরাটের আহমেদাবাদে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে শ্রীলঙ্কার কাছে ৩১-২০ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। তাতে পাঁচ দলের গ্রুপে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।
সেমিফাইনালে উঠতে হলে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। শ্রীলঙ্কা চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেনিয়া। বাংলাদেশের হাতে আর ম্যাচ থাকলেও সেরা দুইয়ে ওঠার সুযোগ নেই।
জিততেই হবে—এমন সমীকরণ সামনে নিয়ে খেলতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। প্রথমার্ধে ১৫-৯ পয়েন্টে পিছিয়ে থাকা দলটি পরে ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচে দুইবার অলআউটও হয়েছে তারা।
টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল কেনিয়ার কাছে ৩৪-২৫ পয়েন্টে হেরে। এরপর স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় দল। কিন্তু শ্রীলঙ্কার কাছে হারে শেষ হয়ে গেল বাংলাদেশের পদকের আশা।






_11zon-3d05b4-256x144.webp)


