Ajker Patrika

ইসরায়েলকে না করে দিল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
ইসরায়েলকে না করে দিল আয়ারল্যান্ড
আন্তর্জাতিক ট্রায়াথলনে থাকছেন না ইসরায়েলি অ্যাথলেটরা। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের লন্ডনডেরিতে হতে যাওয়া আন্তর্জাতিক ট্রায়াথলন থেকে সরে দাঁড়ালেন ইসরায়েলি অ্যাথলেটরা। শনিবারের সিটি অব ডেরি ট্রায়াথলনে দেশটির চার অ্যাথলেটের অংশ নেওয়ার কথা থাকলেও আয়োজকদের আপত্তির পর তারা আর প্রতিযোগিতায় থাকছেন না।

ইউরোপ ট্রায়াথলন কাপের এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০০ অ্যাথলেট অংশ নেওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতার প্রাথমিক অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশের পর চার ইসরায়েলি অ্যাথলেটের নাম দেখতে পায় নর্থ ওয়েস্ট ট্রায়াথলন ক্লাব (এনডব্লুটিসি)। এরপর তাদের অংশগ্রহণের বিষয়ে ট্রায়াথলন আয়ারল্যান্ড ও ইউরোপ ট্রায়াথলনের কাছে জোরালো আপত্তি জানায় সংগঠনটি।

সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে এনডব্লুটিসি বলেছে, ‘এনডব্লুটিসি তাৎক্ষণিকভাবে ট্রায়াথলন আয়ারল্যান্ড ও ইউরোপ ট্রায়াথলনের কাছে জোরালো আপত্তি জানায় এবং বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণকে কোনোভাবেই সমর্থন করতে পারে না—এ কথা সবচেয়ে দৃঢ়ভাবে স্পষ্ট করে।’

সংগঠনটি আরও জানায়, ‘কোনো ধরনের সন্দেহের অবকাশ না রাখতে বলা হচ্ছে, শনিবার সিটি অব ডেরি ট্রায়াথলনে ইসরায়েলের প্রতিনিধিত্বকারী কোনো অ্যাথলেট অংশ নেবেন না। এই আয়োজনে ইসরায়েলের কোনো প্রতিনিধিত্ব থাকবে না।’

তবে এনডব্লুটিসি জানিয়েছে, তাদের অবস্থান কারও ধর্ম বা জাতিগত পরিচয়ের বিরুদ্ধে নয়। বরং আন্তর্জাতিক ক্রীড়ায় ইসরায়েল রাষ্ট্রের প্রতিনিধিত্ব এবং ফিলিস্তিনিরা ভোগান্তির মধ্যে থাকা অবস্থায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে স্বাভাবিক পরিস্থিতির চিত্র তুলে ধরার প্রচেষ্টার বিরোধিতা করতেই তারা এই অবস্থান নিয়েছে।

এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন যুক্তরাজ্যপন্থী ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলির সদস্য জুলি মিডলটন। তাঁর মতে, ইসরায়েলি হওয়ার কারণে অ্যাথলেটদের বাদ দেওয়ার ঘটনা লন্ডনডেরির ভাবমূর্তির জন্য নেতিবাচক।

মিডলটন বলেন, ‘আমাদের শহরের আতিথেয়তা ও উদারতা তুলে ধরার কথা ছিল যে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের, সেটি উল্টো ইসরায়েলি হওয়ার কারণে অ্যাথলেটদের অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার ঘটনার সঙ্গে যুক্ত হয়ে গেল।’

এদিকে, উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস জানিয়েছে, সামাজিক মাধ্যমের মাধ্যমে তারা প্রতিযোগিতাটিকে ঘিরে সম্ভাব্য বিক্ষোভের বিষয়ে জানতে পেরেছে।

ইসরায়েলকে ঘিরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক সময়ে এমন বিতর্ক একাধিকবার দেখা গেছে। ইউরোপিয়ান ফুটবলের নেশন্স লিগে আয়ারল্যান্ডের প্রজাতন্ত্রের বিপক্ষে ইসরায়েলের ম্যাচ নিয়েও বিক্ষোভ হয়েছে। আগামী ৪ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডে হোম ম্যাচটি বিদেশের একটি নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য মাঠে হওয়ার কথা রয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর নেশন্স লিগে আয়ারল্যান্ডের বিপক্ষেও নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ইসরায়েল।

১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত