ভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলার

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে আলবাসেতের বিপক্ষে ভয়াবহ চোট পেয়ে মাঠেই জ্ঞান হারিয়েছেন সাবাদেলের নাইজেরিয়ান মিডফিল্ডার কুয়াদ্রি লিয়ামিদ। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে ম্যাচের ৪০ মিনিটে। আলবাসেতের হোসে কোরপাসের জোরালো কিক সরাসরি লিয়ামিদের মাথায় লাগে। আঘাতের পরই মাঠে লুটিয়ে পড়েন তিনি। সংঘর্ষটি অনিচ্ছাকৃত হলেও এর ভয়াবহতায় হতবাক হয়ে যান মাঠে উপস্থিত সবাই। পরিস্থিতি বিবেচনায় কোরপাসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকা লিয়ামিদকে দ্রুত চিকিৎসা দেন মেডিকেল স্টাফরা। জরুরি চিকিৎসার পর জ্ঞান ফিরে পান তিনি। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
ম্যাচ শেষে সাবাদেল জানায়, লিয়ামিদ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে বলেও নিশ্চিত করেছে ক্লাবটি। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল সাবাদেল। ৮১ মিনিটে ইনিগো আগুইলারের গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি সফরকারীরা। শেষ দিকে একের পর এক আক্রমণ করেও আলবাসেতের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি তারা। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাবাদেলকে।









