Ajker Patrika

সাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৩: ২৫
সাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ
অপেক্ষা বাড়ল যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলারের। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপের আগে আক্রমণভাগে আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ। চোটের কারণে টুর্নামেন্টে খেলতে পারবেন না রোনান সুলিভান। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েও অভিষেকের অপেক্ষা বাড়ল যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলারের। তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগের পরিকল্পনায় নতুন করে ভাবতে হবে কোচ টমাস ডুলিকে।

বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনানের। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিনিয়র দলে জায়গা পান তিনি। শুরুতে কলেজের কোচের কাছ থেকে ছুটি না পাওয়ায় নভেম্বরের প্রথম ভাগে আসা অনিশ্চিত ছিল তাঁর। পরে ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়ে ফেডারেশনকে সম্মতি জানান রোনান। তাঁর জন্য যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর রাতের ফ্লাইটও বুক করেছিল বাফুফে। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত যাত্রা বাতিল করতে হয়েছে।

১৮ অক্টোবর সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক তালিকা জমা দেওয়ার কথা থাকলেও স্বাগতিক বাংলাদেশ এখনো তা দেয়নি। ডুলির পরিকল্পনায় ছিলেন রোনানও। তাঁর ছিটকে যাওয়ায় এখন স্কোয়াডে পরিবর্তন আনতে হবে কোচকে। বিশেষ করে স্বীকৃত স্ট্রাইকারের সংকটের মধ্যে রোনানের অনুপস্থিতি বাড়িয়েছে দুশ্চিন্তা।

দলের প্রস্তুতিও এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পারেননি ডুলি। ক্যাম্পে থাকা বিশ্বনাথ ঘোষ এখনো শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। গতকালের বিরতির পর আজ সকালে অনুশীলন করেছে দল। তবে এখনো দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলন করেনি ফুটবলাররা।

৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাচ্ছে না। ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামও এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামীকাল তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা। সব মিলিয়ে সাফের আগে হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে দ্রুত দল গুছিয়ে নেওয়াই এখন ডুলির বড় চ্যালেঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত