Ajker Patrika

সাফের টিকিট পাবেন কোথায়, দাম কত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৯: ৫৪
সাফের টিকিট পাবেন কোথায়, দাম কত
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন। ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপ দেখতে গ্যালারিতে বসতে সর্বনিম্ন খরচ করতে হবে এক হাজার টাকা, সর্বোচ্চ টিকিটের দাম ১০ হাজার। তবে একটি টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। আগামী ২৯ অক্টোবর থেকে টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। বৃহস্পতিবার রাত আটটা থেকে অনলাইনে টিকিট বিক্রি করবে অনলাইন ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’।

৫ নভেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাফের সমন্বয় সভায় টিকিটের মূল্য, মাঠের অবস্থা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কার্টেল জানান, স্টেডিয়ামে দর্শক ও অতিথিদের প্রবেশ থেকে শুরু করে গেট ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে চায় তারা।

টিকিটের দাম নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষের আভাস থাকলেও মূল্য নির্ধারণের দায় বাফুফের নয় বলে জানিয়েছেন ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। তাঁর ভাষ্য, টিকিটের মূল্য ঠিক করার দায়িত্ব সাফের।

দাম নিয়ে আলোচনা থাকলেও দর্শক উপস্থিতি নিয়ে আশাবাদী সাফ কর্মকর্তারা। বিদেশ থেকে আসা সমর্থকদের ভিসা-সংক্রান্ত সহযোগিতাও দিচ্ছে সংস্থাটি। ভারত টুর্নামেন্টে খেলবে কি না, তা নিয়ে তৈরি হওয়া গুঞ্জনও নাকচ করেছে সাফ। তাদের বক্তব্য, নির্ধারিত সূচি অনুযায়ীই খেলবে ভারত।

উদ্বোধনী দিন রাষ্ট্রপতির উপস্থিত থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে বাফুফে। ফেডারেশনের কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমরা যতটুকু শুনেছি, প্রথম দিন আমাদের মাননীয় রাষ্ট্রপতি ইনশাআল্লাহ উপস্থিত হবেন। সাফের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আর ফাইনালের দিন হয়তো মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। বিষয়টি সাফের সঙ্গে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।’

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর অনুশীলনের জন্য পুলিশ মাঠ, বুয়েট মাঠ ও কিংস অ্যারেনাসহ কয়েকটি মাঠ প্রস্তুত রাখা হচ্ছে। মাঠের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি দর্শকদের নির্বিঘ্নে খেলা দেখার পরিবেশ তৈরিতেও জোর দিচ্ছে আয়োজকেরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত