Ajker Patrika

এমবাপ্পের ‘রসিকতা’য় ক্ষেপেছে চীন, খেলা সম্প্রচার বন্ধ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৯: ৩৩
এমবাপ্পের ‘রসিকতা’য় ক্ষেপেছে চীন, খেলা সম্প্রচার বন্ধ
চীনের সাবেক নেতা মাও সে–তুংকে নিয়ে রসিকতার অভিযোগে চীনাদের রোষানলে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি

চীনে দারুণ জনপ্রিয় কিলিয়ান এমবাপ্পে। কিন্তু একটি ভিডিও ঘিরে বিতর্কে এবার সেই জনপ্রিয়তায় ধস নেমেছে। চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে রসিকতার অভিযোগে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই তারকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে দেশটির তিনটি বড় প্রতিষ্ঠান। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে স্প্যানিশ লা লিগার সম্প্রচার স্থগিত করেছে।

বিতর্কের সূত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও। সেখানে এমবাপ্পেকে বলতে শোনা যায়, ইন্টারনেটে দেখা সবচেয়ে মজার মিমটি ছিল তাঁর মুখের ছবি অন্য এক ব্যক্তির মুখের ওপর বসিয়ে তৈরি করা। সেই ব্যক্তির পরিচয় দিতে গিয়ে এমবাপ্পে বলে ফেলেন, ‘কোনো এক লোকের মুখে, আমার মনে হয় তিনি একজন চীনা স্বৈরশাসক।’ এতেই বিপত্তি। ধারণা করা হচ্ছে, এমবাপ্পে চীনের সাবেক নেতা মাও সে–তুংকে নিয়ে তৈরি একটি মিমের কথা বলেছেন। মাওয়ের ছবিতে এমবাপ্পের মুখ বসিয়ে তৈরি করা সেই মিম ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপির তথ্য যাচাই বিভাগ।

চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সে-তুংকে নিয়ে রসিকতা দেশটিতে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ফলে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ তৈরি হয়। চীনের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংপেং, বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মেংনিউ এবং পনির প্রস্তুতকারক মিল্কগ্রাউন্ড এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

ডংপেং জানিয়েছে, জাতীয় অনুভূতিতে আঘাত করে এমন আচরণের ক্ষেত্রে তাদের নীতি শূন্য সহনশীলতা। এ বছরের বিশ্বকাপ ঘিরে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল এমবাপ্পেকে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ডংপেং’ শীর্ষক আলোচনা ৪৩ কোটি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। অনেকে প্রতিষ্ঠানটির পণ্যের বোতল থেকে এমবাপ্পের ছবি সরানোর দাবিও তুলেছেন।

চীনের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংপেং এর বোতলের লেবেল থেকে এমবাপ্পের ছবি তুলে দেওয়ার দাবি উঠেছে। ডংপেং এরই মধ্যে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ছবি: এএফপি
চীনের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংপেং এর বোতলের লেবেল থেকে এমবাপ্পের ছবি তুলে দেওয়ার দাবি উঠেছে। ডংপেং এরই মধ্যে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ছবি: এএফপি

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য পেপারের খবর অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে। এমবাপ্পেকে নিয়ে বিজ্ঞাপনও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে এমন কথা ও আচরণ দেশটির বিভিন্ন মহলের সম্মিলিত বিরোধিতার মুখে পড়বে।

এমবাপ্পেই প্রথম নয়

স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করে চীনে বিতর্কে জড়ানো ক্রীড়া তারকা কিলিয়ান এমবাপ্পেই প্রথম নন। এর আগে তাইওয়ান, হংকং, তিব্বত ও জিনজিয়াং নিয়ে মন্তব্যের জেরে কারা বিপাকে পড়েছিলেন জেনে নিন—

ডোয়াইট হাওয়ার্ড

যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ডোয়াইট হাওয়ার্ড ২০২৩ সালে তাইওয়ানকে ‘দেশ’ বলে উল্লেখ করে বিতর্কে পড়েছিলেন। স্বশাসিত দ্বীপটির তৎকালীন ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে একটি ভিডিওতে হাওয়ার্ড বলেছিলেন, তাইওয়ানে এসে জায়গাটির প্রতি তাঁর নতুন করে ভালোবাসা তৈরি হয়েছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে। ফলে হাওয়ার্ডের মন্তব্য নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

একই ধরনের ঘটনায় জড়িয়েছিলেন হলিউড অভিনেতা ও সাবেক কুস্তিগির জন সিনা। ২০২১ সালে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ ছবির প্রচারে তাইওয়ানকে দেশ বলেছিলেন তিনি। পরে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে মান্দারিন ভাষায় ক্ষমা চান সিনা।

ড্যারিল মোরি

হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের সমর্থনে ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বাধীনতার জন্য লড়ুন, হংকংয়ের পাশে থাকুন’ লিখেছিলেন এনবিএ দল হিউস্টন রকেটসের তৎকালীন কর্মকর্তা ড্যারিল মোরি। এর জেরে চীনে এনবিএর সম্প্রচার এক বছর বন্ধ রাখে রাষ্ট্রীয় টেলিভিশন। স্পনসরশিপও স্থগিত হয়।

এই বিরোধে কয়েক শ মিলিয়ন ডলার হারিয়েছিল লিগটি।

ক্যান্টার ফ্রিডম

তিব্বতের স্বাধীনতার দাবিতে সরব হয়ে চীনের বিরাগভাজন হন সাবেক এনবিএ খেলোয়াড় এনেস ক্যান্টার ফ্রিডম। ২০২১ সালে ‘তিব্বত তিব্বতি জনগণের’ বলে মন্তব্য করার পাশাপাশি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে ‘নিষ্ঠুর একনায়ক’ বলেছিলেন তিনি। এর পরদিনই চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টের ক্রীড়া বিভাগ তাদের সরাসরি সম্প্রচারের সূচি থেকে বোস্টন সেলটিকসের ম্যাচ সরিয়ে দেয়।

মেসুত ওজিল

চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে ২০১৯ সালে মন্তব্য করেছিলেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার মেসুত ওজিল। তাঁর বক্তব্যের পর রাষ্ট্রীয় টেলিভিশন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির একটি ম্যাচ সম্প্রচার করেনি। চীনের জনপ্রিয় মোবাইল ফুটবল গেম ‘প্রো ইভল্যুশন সকার’-এর স্থানীয় সংস্করণ থেকেও বাদ দেওয়া হয় ওজিলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত