Ajker Patrika

বিশ্বকাপের ঢুস কাণ্ড নিয়ে এখনো কোনো অনুশোচনা করেন না জিদান

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপের ঢুস কাণ্ড নিয়ে এখনো কোনো অনুশোচনা করেন না জিদান
২০৩০ সাল পর্যন্ত ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। ছবি: সংগৃহীত

২০ বছর আগের ঘটনা। মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখেছিলেন জিনেদিন জিদান। ২০০৬ ফুটবল বিশ্বকাপের ফ্রান্স-ইতালি ফাইনাল সম্পর্কে যে বলা হচ্ছে, সেটা নিশ্চয়ই অনেকে বুঝে ফেলেছেন। দুই দশকের ব্যবধানে আবারও ফ্রান্সে জিদান। প্রতিপক্ষ সেই ইতালি।

নেশনস লিগে আজ রাতে মুখোমুখি হবে ইতালি-ফ্রান্স। এবার তিনি ফ্রান্সের কোচের দায়িত্বে। তবে প্রতিপক্ষ যখন ইতালি, স্বাভাবিকভাবেই এসেছে ২০ বছর আগের সেই ঢুশ কাণ্ডের ঘটনা। ফ্রান্সের বিপক্ষে ইতালির বিশ্বকাপ জয় ছাপিয়ে মাতারাজ্জি-জিদানের যে ঘটনা আলোড়ন তুলেছিল। দুই দশক পর নতুন ভূমিকায় এলেও কোনো অনুশোচনা কাজ করছে না জিদানের। ফ্রান্সের প্রধান কোচ বলেন, ‘এগুলো অনুশোচনা নয়। ক্যারিয়ারের অংশ।’

২০০৬ বিশ্বকাপ ফাইনালটাই ফুটবলার হিসেবে জিদানের সবশেষ কোনো ম্যাচ। তবু যে সাড়া জাগানো ঘটনা ঘটিয়েছিলেন তখন, সেটা নিয়ে বছরের পর বছর আলোচনা চলবে, সেটা তাঁর ভালোই জানা। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, ‘আমার কাছে সেটাই ছিল শেষ। নিশ্চিত করেই বলতে পারি সময়টা খুব কঠিন ছিল। ফ্রান্সের কোচ হিসেবে ফিরতে নিজেকে প্রস্তুত করেছিলাম। যা কিছু আছে, পুরোটা নিংড়ে দিতে চাই।’

মাতারাজ্জির সঙ্গে ঢুস কাণ্ডের ঘটনা নিয়ে জিদানের অনুশোচনা নেই ঠিকই। আবার সেটা গর্ব করার মতো কিছু মনে করেন না জিদান। ফ্রান্সের বর্তমান কোচ বলেন, ‘যা ঘটেছে, সেটার জন্য গর্বিত নই। তবে জীবনে সব সময় শুধু ভালো কাজ করা যায় না।’

১৯৯৮ সালে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। সেবার জিদানের সতীর্থ ছিলেন দিদিয়ের দেশম। এই দেশম ২০১৮ সাল কোচ হিসেবেও বিশ্বকাপ জেতেন। এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে দেশমের স্থলাভিষিক্ত হয়েছেন জিদান।

খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপ জয়ের পাশাপাশি রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগাও জিতেছেন জিদান। কোচ হিসেবে রিয়ালকে জিতিয়েছেন ১০ শিরোপা। যার মধ্যে লস ব্লাঙ্কোসদের হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। রিয়ালের হয়ে ১০ শিরোপা জয়ী কোচকে ফ্রান্স ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ইতালির বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন ভবিষ্যতে কী আছে, সেটাই আসল।’

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরেছিল ইংল্যান্ডের কাছে। তবে জিদান দায়িত্ব নিতেই বিশ্বকাপ পরবর্তী সময়ে ফ্রান্সকে দেখা যাচ্ছে অন্যরূপে। নেশনস লিগে তুরস্ক-বেলজিয়ামের বিপক্ষে টানা জয় পেয়েছে ফরাসিরা। আজ রাতে তারা হ্যাটট্রিক ম্যাচ জিততে খেলবে ইতালির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে সেন্ট দেনিসে শুরু হবে ফ্রান্স-ইতালি ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত