
ডালাসের এই দুপুরে লিওনেল মেসি তাঁর পায়ের জাদুতে এত সব দৃশ্যকাব্য রচনা করেছেন, কোনটা ছেড়ে কোনটা বলি। তবে ওই দৃশ্যটা, ওই যে ম্যাচ শেষের দৃশ্যটা—যখন গ্যালারির কাছে লিওনেল মেসি দর্শকদের অভিবাদন আর শুভেচ্ছার উত্তর দিতে যাচ্ছিলেন, তখন তাঁকে দেখে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন হোসে পেকারম্যান।
এই পেকারম্যানের অধীনেই মেসির বিশ্বকাপ-অভিষেক। ২০০৬ বিশ্বকাপে সদ্য কৈশোরোত্তীর্ণ মেসি, বার্সেলোনার সিনিয়র টিমে সবে দ্যুতি ছড়াতে শুরু করেছেন—২০ বছর আগের সেই মেসিকে নিয়ে আর্জেন্টাইন-সমর্থকেরা শুধু স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন, যাঁকে পাকারমান কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ১-১ ড্রয়ের পর ট্রাইব্রেকারে হারা ম্যাচে মাঠেই নামালেন না। সেই ম্যাচের খেলোয়াড় শিটে এখনো খুঁজলে দেখা যাবে, বেঞ্চের খেলোয়াড় তালিকায় লেখা রয়েছে ‘১৯.লিওনেল মেসি’। পাকারমান যখন ডালাস স্টেডিয়ামে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে ধরলেন মেসিকে, তখন আর্জেন্টিনা অধিনায়কের মুখে একটা সিংহাসন জয়ের হাসি—মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নেওয়ার হাসি।
মেসি তাঁর পুরোনো গুরুকে শ্রদ্ধা জানিয়ে পেছনেই দেখেন ম্যাক্সি রদ্রিগেজ, তাঁর পেছনে থমাস মুলার। কিংবদন্তিদের এই সারিতে একেবারে পেছনে যিনি—ইয়ুর্গেন ক্লপ। মেসি জড়িয়ে ধরলেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ ক্লপকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওর সবচেয়ে যথার্থ ক্যাপশন: রেসপেক্ট। সাফল্যভাস্বর মেসিকে শুধু ‘রেসপেক্ট’ নয়, তাঁর ফুটবল-জাদুতে মোহিত পুরো ফুটবল পৃথিবীই। দেখুন না, ৯৯ বছর বয়সী গ্র্যান্ডমা (১ আগস্টে ১০০ বছর পূর্ণ হবে) পলিন কানা ডালাস স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্ল্যাকার্ড হাতে। যেখানে লেখা, ‘মেসির ১০০ বছর বয়সী ভক্ত।’
মেসি আলো ছড়াবেন আর রেকর্ড তাঁর পায়ে হুটোপুটি খাবে না, তা কি হয় নাকি! মেসি রেকর্ড গড়েছেন, তা তো জানাই হয়েছে। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর ফুটবল বিশ্ব কতটা মেসি-বন্দনায় মেতেছে, তারই দু-একটা উদাহরণ।
সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেওয়ার পরও মেসিকে স্বস্তি দিচ্ছেন না যিনি, কিলিয়ান এমবাপ্পের দেশের বিখ্যাত পত্রিকা লেকিপ শিরোনাম করেছে, ‘পৃথিবীর অধিপতি’। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রভাবশালী ও গ্লোবোর শিরোনাম, ‘মেসি ১৮ বার! তারকা গোলের সূচনা করলেন এবং রেকর্ড ভাঙলেন!’ স্পেনের কাতালোনিয়ার স্পোর্ট লিখেছে, ‘মেসি প্রতিদিনই অপরিবর্তনীয়। আনন্দের অশ্রু ঝরুক। ৩৮ বছরের নির্মল সৌন্দর্য।’
আজ ২৪ জুন ‘৩৯’ পূর্ণ হচ্ছে মেসির। স্পেনের জনপ্রিয় পত্রিকা মার্কা খুব করে চাইছে, ২০৩০ বিশ্বকাপ খেলুন মেসি, ‘চলুন, ২০৩০ সালে স্পেনে অনুষ্ঠেয় বিশ্বকাপেও লিওকে দেখার স্বপ্ন দেখি।’ স্বয়ং মেসি এই স্বপ্ন কি দেখবেন? সেই উত্তর সময়ের হাতে তোলা থাক। আপাতত মেসির মনোযোগ ২০২৬ বিশ্বকাপ।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কাভার করা হয়েছে আর্জেন্টিনার সংবাদ সম্মেলন। বাংলাদেশের একজন সাংবাদিক হিসেবে স্প্যানিশ ভাষাটা না জানাই স্বাভাবিক। কিন্তু আর্জেন্টিনার কাউকে কথা বলতে দেখলেই মনে হয়, ইশ্, স্প্যানিশ ভাষার একটা কোর্স যদি শিখে আসা যেত! মেসি-স্কালোনি যখন কথা বলেন, ফিফার অনুবাদক অ্যাপ মুহূর্তেই ইংরেজি করে দেয় ঠিকই, কিন্তু ভাষার মূল সৌন্দর্য, বক্তার বাচনভঙ্গি আর কথার মূল সুর যে বোঝা যায় না! তবু অনুবাদকের সহায়তায় অর্থটা তো বোঝাই যায়। মেসি যেমন অস্ট্রিয়ার বিপক্ষে জেতার পর রেকর্ড নয়, দলের জয়কে বড় করে দেখার কথা বললেন, ‘জয়টাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। ম্যাচটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, একই সঙ্গে ছিল বেশ কঠিন ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরের রাউন্ড নিশ্চিত করা।’
ডালাসে ম্যাচের শুরুটা যদিও ভালো হয়নি মেসি ও তাঁর আর্জেন্টিনার। এত কীর্তির ভিড়ে একটা অস্বস্তিদায়ক রেকর্ডও সঙ্গী হয়েছে মেসির। পেনাল্টি মিস হওয়ার পর সমালোচকদের কী বলবেন, নিজের ওপরই নাকি প্রচণ্ড রাগ হচ্ছিল তাঁর, ‘পেনাল্টি মিস করার পর এমন কিছু মুহূর্ত গেছে, যখন নিজের ওপর সত্যিই প্রচণ্ড রাগ হচ্ছিল। তবে ভালো লাগছে যে শেষ পর্যন্ত গোল করে সেটা পুষিয়ে দিতে পেরেছি।’
মহাকাব্যের নায়কেরা তো এমনই। ব্যর্থ হলেও হতাশায় ডুবে থাকেন না, মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ভুলিয়ে দেন আগের ব্যর্থতা। মোহিত করে রাখেন তাঁর সহজাত জাদুতে। সেই জাদুকরের জন্মদিন আজ—শুভ জন্মদিন, লিও।

হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, ভিএআরের কার্যপরিধির বিস্তারসহ ২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নিয়মই তো নিয়ে এসেছে ফিফা। এরই মধ্যে ফুটবল বিশ্বকাপের ৪৮ ম্যাচ হয়ে গেছে। ৪৮ দলের প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। এমন অবস্থায় টুর্নামেন্টের নিয়ম পরিবর্তনের চিন্তা করছে ফিফা।
২ ঘণ্টা আগে
ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। সিরিজ শেষে আইসিসির র্যাঙ্কিংয়ে তাওহীদ হৃদয়-নাসুম আহমেদরা যেমন সুখবর পেয়েছেন, আবার অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানদেরও।
৩ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের সময় পুরো বিশ্বের মতো বাংলাদেশও বুঁদ হয়ে থাকে ফুটবল উন্মাদনায়। প্রিয় দলের গোলের সময় পাড়া-মহল্লা, অলিগলিতে শোনা যায় চিৎকার। চায়ের কাপে ঝড় তোলার মতো সামাজিক মাধ্যমেও প্রিয় দলের প্রশংসার পাশাপাশি চলতে থাকে বিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গবিদ্রূপ। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা...
৩ ঘণ্টা আগে
কয়েক ঘণ্টা পরই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় মায়ামিতে শুরু হবে ব্রাজিল-স্কটল্যান্ড। কিন্তু মাঠে নামার আগেই রাফিনিয়াকে হারিয়ে ফেলল সেলেসাওরা। এখন তাঁর পরিবর্তে কে খেলবেন, সেটাও স্পষ্ট করেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
৪ ঘণ্টা আগে