আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচে এক গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০৮তম ম্যাচে ১২৬ গোল নিয়ে ক্যারিয়ার শেষ করলেন তিনি।
ম্যাচ শেষে মেসি নিজের আবেগের কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেন। সেই পোস্টের জবাবেই ইনস্টাগ্রামে তাঁকে শ্রদ্ধা জানান রোনালদো। পর্তুগিজ তারকা লেখেন, ‘লিও, এত বছর ধরে তুমি তোমার দেশকে প্রতিনিধিত্ব করেছ এবং এমন একটি ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য আমার পূর্ণ সম্মান।’
মেসি ও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। একসময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে দুজনের লড়াই নিয়মিতই ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র ছিল। সেই প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মেসির কৃতিত্বের প্রতি রোনালদোর এই শ্রদ্ধা তাঁদের সম্পর্কের অন্য একটি দিক সামনে আনল।
মেসির বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সাবেক সতীর্থ রোনালদিনহোও। বার্সেলোনায় মেসির সঙ্গে খেলা ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারা কত আনন্দের ও গর্বের, ভাই। তুমি আমাদের হাসিয়েছ এবং ফুটবলকে এতটা উপভোগ্য করে তুলেছ। তোমার নাম তোমার দেশের ইতিহাসে এবং পুরো বিশ্বের ইতিহাসে চিরকাল লেখা থাকবে। কেবল আমরাই জানি, শৈশবের সেই স্বপ্ন পূরণ করে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা কেমন ছিল।’
রোনালদিনহো আরও লেখেন, ‘জাতীয় দল ও দেশের জন্য তুমি তোমার সর্বস্ব দিয়েছ। আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারি। পরিবারকে ঘিরে যেকোনো বিষয় মানুষকে নতুন করে অনেক কিছু ভাবতে বাধ্য করে। জীবন উপভোগ করো, ভাই। আজ এবং সবসময় তোমার জন্য আমার শুভকামনা।’

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২৫ মিনিট আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১০ ঘণ্টা আগে