Ajker Patrika

কোচের ট্যাটু এঁকে কথা রাখলেন স্পেনের সেই ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২: ৩৯
কোচের ট্যাটু এঁকে কথা রাখলেন স্পেনের সেই ডিফেন্ডার
লা ফুয়েন্তের ট্যাটু এঁকেছেন কুকুরেয়া। ছবি: সংগৃহীত

ঝাঁকড়া চুলে লেফট ব্যাক থেকে বল নিয়ে দ্রুতগতিতে আক্রমণে উঠা—মার্ক কুকুরেয়াকে সবশেষ বিশ্বকাপে যেন এভাবেই চিনেছে ফুটবল বিশ্ব। স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে যে কয়েকজন ফুটবলারের অবদান সবচেয়ে বেশি, কুকুরেয়া তাঁদের মধ্যে অন্যতম। পুরো টুর্নামেন্টজুড়েই তিনি ছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়।

কুকুরেয়ার প্রতিশ্রুতি ছিল, বিশ্বকাপ জিতলে লা ফুয়েন্তের ট্যাটু আঁকবেন। বিশ্বকাপ চলাকালে অনুশীলন ক্যাম্পেই এই ঘোষণা দিয়েছিলেন তিনি। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। বিশ্বকাপ জয়ের নয় দিনের মাথায় সামাজিক মাধ্যমে কোচের ট্যাটুর ছবি প্রকাশ করেন কুকুরেয়া।

ইনস্টাগ্রাম স্টোরিতে ট্যাটুশিল্পী গাঙ্গা ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সেচিআর্মিকে ট্যাগ করে কুকুরেয়া লেখেন, প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই দেওয়া হয়। প্রতিশ্রুতি পূরণ করেছি।’ ট্যাটুর নকশায় দেখা যায়, বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন দে লা ফুয়েন্তে, আর পেছনে রয়েছে টুর্নামেন্টের লোগো।

ট্যাটু করার আগে প্রকাশিত এক ভিডিওতে সেচিআর্মি বলেন, আজ স্পেনের জন্য বড় একটি দিন, কারণ প্রতিশ্রুতি পূরণ হতে যাচ্ছে। আমরা কুকুরেয়ার বাড়িতে যাচ্ছি তাকে ট্যাটু করাতে। এটি দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।’

এতেই শেষ নয়, নতুন আরেকটি চ্যালেঞ্জও গ্রহণ করেছেন কুকুরেয়া। সেচিআর্মি এক্সে জানিয়েছেন, স্পেন যদি ২০৩০ বিশ্বকাপও জিতে, তাহলে সবচেয়ে বেশি লাইক পাওয়া রিপ্লাই বা কোট পোস্টে যা বলা হবে, কুকুরেয়া সেটিই করবেন। পোস্টটি ইতোমধ্যে ৩০ হাজারের বেশি ভিউ হয়েছে।

কুকুরেয়ার সতীর্থ ও আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার আলেক্স বায়েনাও বিশ্বকাপ জিতলে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তিনি সেই অঙ্গীকার পূরণ করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত