Ajker Patrika

তারার মেলা নিয়ে রোনালদোর শেষ বাজি

১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলছে ৪৮ দল। চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর র‍্যাঙ্কিং অনুযায়ী এই ধারাবাহিক উপস্থাপনায় আজ থাকছে পর্তুগাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৫ মে ২০২৬, ১০: ৫৬
তারার মেলা নিয়ে রোনালদোর শেষ বাজি
শেষবারের মতো বিশ্বকাপ জেতার মিশনে নামবেন রোনালদো। ছবি: সংগৃহীত

পর্তুগালের নাম মুখে নিলেই চোখে ভাসে এক অবিশ্বাস্য ঐতিহ্যের ছবি। ইউসেবিও থেকে শুরু করে লুইস ফিগো, ক্রিস্টিয়ানো রোনালদো—প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্ব ফুটবলকে শাসন করা প্রতিভার জন্ম দিয়েছে ইউরোপের এই ছোট দেশ। ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে পর্তুগাল আবারও ফুটবল বিশ্বের স্পটলাইটের কেন্দ্রে। রবার্তো মার্তিনেসের বেছে নেওয়া পর্তুগালের এই ২৭ সদস্যের স্কোয়াডটি সম্ভবত আইবেরিয়ান দেশটির ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়া সবচেয়ে তারকাখচিত দল।

পর্তুগালের এবারের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে নতুন স্বপ্ন এবং কিছু আবেগঘন অধ্যায়কে সঙ্গী করে। দলটির বাছাইপর্বের যাত্রা ছিল বেশ রোমাঞ্চকর। যদিও নভেম্বরে ডাবলিনে রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে এক অপ্রত্যাশিত ধাক্কা খেতে হয়েছিল তাদের, যেখানে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল রোনালদোকে। তবে সেই ধাক্কা সামলে বাছাইপর্বের শেষ ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘এফের’ শীর্ষ স্থান নিশ্চিত করে তারা। এই জয়ই প্রমাণ করে, তাদের আক্রমণভাগ কতটা বিধ্বংসী ও কার্যকর হতে পারে।

প্রয়াত সতীর্থ দিয়োগো জোতার স্মৃতি হৃদয়ে ধারণ করে বিশ্বজয়ের লক্ষ্যে নামবেন রোনালদোরা। নেশনস লিগে স্পেনের বিপক্ষে জয়ের কিছুদিন পরই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা। কোচ রবার্তো মার্তিনেসের ভাষায়, জোতার পেশাদারত্ব ও আত্মবিশ্বাস ছিল অনুকরণীয়।

কৌশলগত দিক থেকে বর্তমান পর্তুগাল দলটি অত্যন্ত বৈচিত্র্যময়। স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেসের অধীনে দলটি যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম। মার্তিনেস তাঁর ৪-৩-৩, ৪-২-৩-১ কিংবা ৩-৪-২-১ ফরমেশনের জন্য পরিচিত, যেখানে উইং দিয়ে আক্রমণের ঝড় তোলেন বর্তমানে অন্যতম সেরা ফুল-ব্যাক নুনো মেন্দেস। মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ ও সুযোগ তৈরির দায়িত্বে আছেন ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্দো সিলভার মতো মায়েস্ত্রোরা।

মার্তিনেসের ফুটবলদর্শনের অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রতিপক্ষকে চমকে দিতে হুট করে কিছু বুনো কৌশল বেছে নেওয়া, যেমনটা তিনি সম্প্রতি মিডফিল্ডার জোয়াও নেভেসকে রাইট-ব্যাকে খেলিয়ে দেখিয়েছেন। বল দখলে না রেখেও গতিশীল কাউন্টার অ্যাটাকে স্পেন ও জার্মানির মতো পরাশক্তিকে হারানোর রেকর্ড রয়েছে তাঁদের।

আর দলটির কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, সেই রোনালদো ৪১ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে গড়তে যাচ্ছেন কীর্তি। বাছাইপর্বে ১৪ ম্যাচে ১৫ গোল করে নিজের কার্যকারিতা ঠিকই প্রমাণ করে যাচ্ছেন তিনি। রোনালদোর উপস্থিতিই পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

১৯৬৬ সালে ইউসেবিওর হাত ধরে নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা পর্তুগাল এই শতাব্দীতে এসে নিয়মিত পরাশক্তিতে পরিণত হয়েছে। ২০১৬ ইউরো এবং ২০১৯ ও ২০২৫ নেশনস লিগ জয় তাদের সেই রাজত্বের প্রমাণ। তবে বিশ্বকাপে ২০০৬ সালের পর আর সেমিফাইনালে না পৌঁছানোর আক্ষেপটা এবার তারা ঘোচাতে চায়। কলম্বিয়া, কঙ্গো ডিআর এবং উজবেকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এইচে’ থাকা পর্তুগাল এবার শুধু অংশ নিতে নয়, বরং রোনালদোর শেষ আন্তর্জাতিক মঞ্চকে সোনালি ট্রফিতে রাঙিয়ে দিতেই যুক্তরাষ্ট্রে পা রাখছে।

roberto-martinez

কোচ: রবার্তো মার্তিনেস

বেলজিয়ামের সোনালি প্রজন্মকে সামলানোর অভিজ্ঞতা নিয়ে ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের ডাগআউটে দাঁড়িয়েছেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান রবার্তো মার্তিনেস। বল পজেশন ধরে রাখার পাশাপাশি দ্রুত কাউন্টার অ্যাটাকের অনন্য ফুটবলদর্শনের জন্য প্রশংসিত এই কোচ। তারকাখচিত স্কোয়াড থেকে সেরাটা বের করে আনার ক্ষেত্রে তাঁর ওপর রয়েছে অগাধ আস্থা, যার প্রমাণ মিলেছে ২০২৫ সালে পর্তুগালকে উয়েফা নেশনস লিগের শিরোপা এনে দেওয়ার মাধ্যমে। এবারও তাঁর হাতে রয়েছে প্রতিভার প্রাচুর্য, যা নিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে পর্তুগিজরা।

ronaldo-2026-wc

তারকা: ক্রিস্টিয়ানো রোনালদো

৪০ পেরিয়েও সবুজ গালিচায় বুট জোড়া তুলে রাখেননি ক্রিস্টিয়ানো রোনালদো; বরং ৪১ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন এই ফুটবল মহিরুহ। বাছাইপর্বে ১৫ গোল করে এখনো তিনি অদম্য, তবে বিশ্বকাপের নকআউট পর্বের ৮ ম্যাচে গোল না পাওয়ার খরা এবার কাটাতে মরিয়া ‘সিআরসেভেন’। ডি-বক্সে নিখুঁত পজিশনিং আর মনস্তাত্ত্বিক ভীতি ছড়িয়ে নিজের শেষ আন্তর্জাতিক মঞ্চকে সোনালি ট্রফিতে রাঙিয়ে দেওয়াই এখন রোনালদোর একমাত্র লক্ষ্য।

র‍্যাঙ্কিং: ৫

অঞ্চল: ইউরোপ

ডাকনাম: সেলেসাও দাস কুইনাস

অংশগ্রহণ: ৯

সেরা সাফল্য: তৃতীয় (২০০৬)

বিশ্বকাপে

ম্যাচ ৩৫, জয় ১৭, ড্র ৬, হার ১২

গ্রুপপর্বের সূচি

১৭ জুন ডিআর কঙ্গো হিউস্টন রাত ১১টা

২৩ জুন উজবেকিস্তান হিউস্টন রাত ১১টা

২৮ জুন কলম্বিয়া মায়ামি ভোর সাড়ে ৫টা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত