Ajker Patrika

‘গাড়ি ঘিরে টাকা চাওয়া হয়েছে’, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
‘গাড়ি ঘিরে টাকা চাওয়া হয়েছে’, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ কোচ
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচ জেরার্ড জোন্স। ছবি: সংগৃহীত

বাংলাদেশে কাজ করতে এসে একের পর এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানাচ্ছেন অনূর্ধ্ব-২০ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স। এবার তাঁর অভিযোগ, ঢাকায় চলাচলের সময় গাড়িতে ধাক্কা দেওয়া, গাড়ি ঘিরে ধরে টাকা চাওয়াসহ নানা ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যক্তিগত আর্থিক তথ্য কীভাবে আদান-প্রদান ও শেয়ার করা হয়েছে, সেটি নিয়েও তাঁর উদ্বেগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেরার্ড জানান, বেতন পাওয়ার বিষয়টি মিটলেও নতুন কিছু জটিলতা তৈরি হয়েছে, যেগুলো সম্পর্কে তাঁকে আগে জানানো হয়নি। তিনি বলেন, ‘যদিও টাকা পৌঁছেছে, কিন্তু অন্যান্য চ্যালেঞ্জ দেখা দিয়েছে এবং এমন কিছু জটিলতা তৈরি হয়েছে, যা আমাকে আগে জানানো হয়নি। আমার কিছু ব্যক্তিগত আর্থিক তথ্য যেভাবে আদান-প্রদান ও শেয়ার করা হয়েছে, তা নিয়ে আমার গুরুতর উদ্বেগ রয়েছে।’

বাংলাদেশে একা থাকার কষ্টের কথাও জানিয়েছেন এই কোচ। স্ত্রী ও তিন সন্তানকে দেশে রেখে কাজ করতে আসা জেরার্ডের দাবি, গতকাল ঢাকায় এবং আজ এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যা তাঁকে আতঙ্কিত করেছে।

জেরার্ড বলেন, ‘স্ত্রী ও তিন সন্তানকে ছেড়ে দূরে থাকাটাই ইতিমধ্যে বেশ কঠিন। গতকাল ঢাকায় এবং আজ আমি এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যা আমাকে চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়েছিল—যার মধ্যে রয়েছে মানুষ এসে গাড়িতে ধাক্কা দেওয়া, গাড়ি ঘিরে ধরা এবং টাকা চাওয়া। এ ছাড়া বহুবার মানুষ ব্যক্তিগতভাবে আমার কাছে এসে আর্থিক সাহায্য চেয়েছে।’

সব মিলিয়ে বাংলাদেশের জীবনযাত্রা তাঁর ওপর মানসিক চাপ তৈরি করছে বলেও জানান জেরার্ড। তিনি বলেন, ‘অবিরত অনিশ্চয়তা, অপ্রত্যাশিত চমক এবং এখানকার জীবনযাত্রার পরিবেশ—সবকিছু মিলিয়ে এটি খুবই দমবন্ধকর হয়ে উঠেছে।’

নিজেকে অনেকটা একা মনে হওয়ার কথাও বলেছেন এই ইংলিশ কোচ। তাঁর ভাষায়, ‘এখানে সহানুভূতি জানানোর মতো কাউকে না পেয়ে আমি নিজেকে ভীষণ একাকী মনে করছি। আমি আতঙ্কিত ও ভীত, দিশেহারা, অরক্ষিত এবং একা অনুভব করছি। আমি আশা করছি, সবকিছু দ্রুত সমাধান হয়ে যাবে। কারণ, আমি শুধু কোনো চিন্তা ছাড়া আমার কাজটুকু করে যেতে চাই।’

জেরার্ডের এসব বক্তব্য নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘পোস্টটি দেখেছি। এটি দুঃখজনক, তবে বাক্‌স্বাধীনতার প্রতি আমাকে শ্রদ্ধা জানাতেই হবে। পুরো বিষয়টিকে তিনি ভুলভাবে উপস্থাপন করায় ঘটনাটি দুর্ভাগ্যজনক রূপ নিয়েছে। যাই হোক, দ্রুতই এর সমাধান হচ্ছে।’

কোচের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে বাফুফে কোনো ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে ফেডারেশন সাড়া দেবে না। আমরা তার পোস্টটি এড়িয়ে চলব। তার কোনো উদ্বেগ থাকলে তিনি সরাসরি আমাদের জানাতে পারেন।’

এর আগে জেরার্ড জোন্স সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানদের কাছে টাকা পাঠাতে না পারা এবং এ নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছিলেন। বাফুফে বলেছে, কোচের বেতন তাঁর অ্যাকাউন্টে পৌঁছেছে। তবে ট্যাক্স সংক্রান্ত কিছু নিয়মকানুনের কারণে তাঁর স্ত্রীকে টাকা পাঠাতে সময় লাগছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত