Ajker Patrika

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ব্রাজিলের
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ল ব্রাজিল। ছবি: এএফপি

সমালোচনার জবাব কীভাবে দিতে হয়, সেটাই আজ দেখিয়ে দিল ব্রাজিল। ফিলাডেলফিয়ায় আজ সকালে হাইতিকে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কার্লো আনচেলত্তির দল। উড়ন্ত জয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন নিজের করে নিল ব্রাজিল।

হাইতির বিপক্ষে নামার আগে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে ছিল ব্রাজিল। সেলেসাওদের গোল ছিল ২৩৮। ২৩৯ গোল নিয়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সবার ওপরে ছিল জার্মানি। আজ হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে জার্মানদের টপকে গেল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপে গোল এখন ২৪১। জার্মানরা এখন তাই দুইয়ে নেমে গেল। তিনে থাকা আর্জেন্টিনা বিশ্বকাপে এখন পর্যন্ত করেছে ১৫৫ গোল। গত ১৭ জুন লিওনেল মেসির হ্যাটট্রিককে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

ব্রাজিল সর্বোচ্চ গোলের রেকর্ডটা কতক্ষণ নিজের করে রাখতে পারে, সেটাই দেখার। টরন্টোতে আজ রাতে জার্মানি খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। আগের ম্যাচের ধারাবাহিকতা যদি ধরে রাখে, তাহলে জার্মানরা টপকে যাবে ব্রাজিলকে। হিউস্টনে গত ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলে জিতেছিল জার্মানি। এই জার্মানরাই ২০১৪ বিশ্বকাপে বেলো হরিজেন্তের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল। তখন থেকেই বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকেরা ‘সেভেন আপ’ বলে ব্রাজিল সমর্থকদের খোঁচা দেন।

ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে তিনটি গোলই ব্রাজিল করেছে প্রথমার্ধে। ২৩ ও ৩৬ মিনিটে জোড়া গোল করেন মাথিয়াস কুনিয়া। প্রথমার্ধের শেষভাগেই ব্যবধান তিনগুণ করে ফেলে ব্রাজিল। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।

হাইতির বিপক্ষে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। ১৪ জুন নিউজার্সিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তিন পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। আর দুই ম্যাচের দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হাইতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত