
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। জর্জ জেসুসকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে সংস্থাটি। আজ এক বিবৃতিতে এফপিএফ বিষয়টি নিশ্চিত করেছে।
কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর আজ লিসবনে এফপিএফের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে জেসুসকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেসের স্থলাভিষিক্ত হলেন ৭১ বছর বয়সী জেসুস। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব ছাড়েন মার্তিনেস।
জাতীয় দলের কোচ হিসেবে এটি জেসুসের প্রথম দায়িত্ব। ৩৬ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এত দিন শুধুই ক্লাব ফুটবলে কাজ করেছেন তিনি। এই অভিজ্ঞ কোচের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে এফপিএফ। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ আমরা নতুন এক যাত্রা শুরু করছি। জাতীয় দলে আপনাকে স্বাগতম, মিস্টার জর্জ জেসুস।’
গত মে মাসে আল নাসরের দায়িত্ব ছাড়েন জেসুস। তাঁর অধীনেই সৌদি ক্লাবটি প্রো লিগের শিরোপা জিতেছিল। আল নাসরের ডাগআউটে থাকার সুবাদে পর্তুগালের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। যেটা নতুন অধ্যায়ে জেসুসের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।
পর্তুগিজ ফুটবলেও জেসুসের অভিজ্ঞতা সমৃদ্ধ। নিজের দেশের ১১টি ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। এই কোচের অধীনে ১০টি শিরোপা জিতেছে বেনফিকা। দেশের বাইরে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গোকেও ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জুলাইয়ের মধ্যে পাঁচটি বড় শিরোপা এনে দেন। এ ছাড়া ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জেতানোর কৃতিত্বও রয়েছে জেসুসের।
বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় দ্রুত নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেয় পর্তুগাল। ২০২৫ নেশনস লিগের চ্যাম্পিয়ন দলটি বিশ্বকাপে নিজেদের সেরাটা দেখাতে পারেনি। শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। আগামী ২৪ সেপ্টেম্বর নেশনস লিগের গ্রুপ ‘ডি’-তে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের প্রধান কোচ হিসেবে অভিষেক হবে জেসুসের।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৩ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৭ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৯ ঘণ্টা আগে