Ajker Patrika

আর্জেন্টিনার ফুটবলারকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনার ফুটবলারকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য
চাপে আছেন হুলিয়ান আলভারেস। ছবি: সংগৃহীত

কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। বিশেষ করে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন। প্রতিদিনই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করল আতলেতিকো মাদ্রিদ।

আতলেতিকো ছেড়ে আলভারেসের বার্সেলোনায় যাওয়ার কথাবার্তা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। তাতে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড আতলেতিকো সমর্থকদের চক্ষুশূল হয়েছেন তিনি। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন,‘আলভারেসকে নিয়ে আমরা খুবই আগ্রহী ও তাকে কিনতে প্রস্তুত।’

বার্সেলোনা সভাপতি লাপোর্তার বক্তব্য প্রচার হওয়ার পর সেটা ভালোভাবে গ্রহণ করেনি আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাতে আতলেতিকো বলেছে, ‘এই খেলোয়াড়কে একজন ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু এতে করে আতলেতিকোর আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও ক্ষুণ্ণ হচ্ছে। হুলিয়ানের ব্যাপারে একমাত্র ভুক্তভোগী আমরাই।’

২০৩০ পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তি রয়েছে আলভারেসের। তবে তিনি এরই মধ্যে আতলেতিকো সমর্থকদের চক্ষুশূল হয়ে গেলেন। অনুশীলন গ্রাউন্ডে ‘হুলিয়ান আউট’ ব্যানার টাঙানো হয়েছিল। কোথাও কোথাও আলভারেসের ১৯ নম্বর জার্সির ওপর ক্রস চিহ্ন এঁকে তাঁর বিদায়ও দাবি করেছেন ভক্তরা। এমনকি গত ২৩ আগস্ট ভিয়ারিয়াল-আতলেতিকো মাদ্রিদ ম্যাচ শেষে তিনি আলাদা ড্রেসিংরুমে ঢুকেছেন। দর্শকদের ধারে কাছেও আলভারেসকে ঘেঁষতে দেওয়া হয়নি।

আতলেতিকোয় চাপে থাকা আলভারেসকে ১৫ কোটি ইউরোতে বার্সেলোনা কিনতে আগ্রহ দেখিয়েছে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ২১৪৬ কোটি টাকা। তবে আতলেতিকো তা অস্বীকার করেছে। স্প্যানিশ ক্লাবটির সূত্রের বরাতে মার্কা বলেছে, ‘আর্থিক ও সামাজিক—উভয় দিক থেকেই এটা (বার্সেলোনার আলভারেসকে চাওয়া) ক্ষতিগ্রস্ত করেছে। বার্সার কাছে তাকে বিক্রি করার সম্ভাবনা ০ শতাংশ। এটা আর্থিক ব্যাপার নয়। অর্থেরও বিষয় আছে এখানে।’

রিভার প্লেট, ম্যানচেস্টার সিটি হয়ে এখন আতলেতিকোতে খেলছেন আলভারেস। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে চোখধাঁধানো এক গোল করেন তিনি। এর আগে ২০২৫-২৬ লা লিগায় আতলেতিকো চার নম্বরে থেকে শেষ করেছিল। সেই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ক্লাবটির জার্সিতে ৪৯ ম্যাচে ২০ গোল করেছিলেন। অ্যাসিস্ট ছিল ৯টি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টেই তিনি গোল পেয়েছিলেন। কদিন আগে তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছিলেন আর্জেন্টাইন ব্যবসায়ী হোর্হে ব্রিতো। ব্রিতো আর্জেন্টিনার রিভার প্লেট ক্লাবের সাবেক প্রেসিডেন্টও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত