
থ্রিলার মুভির গল্পকেও যেন হার মানিয়েছে বাংলাদেশ-ভারত ২০২৪ নারী সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল হয়েছে নাটকের পর নাটক। নাটকীয়তায় পরিপূর্ণ ম্যাচের ফল হতে সময় লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা।
বাংলাদেশ-ভারত সাফ ফাইনালের নাটকীয়তার শুরু টাইব্রেকার থেকে। টাইব্রেকারে দুই দলই শট নিয়েছে ১১টি করে। বাদ যাননি দল দুই গোলরক্ষকও। বাংলাদেশ, ভারত দুই দলই ১১টি করে গোল করেছে। এখানেও যখন ম্যাচের ফল হলো না, তখন টসের জন্য দুই অধিনায়ককে ডাকলেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। এখান থেকে জন্ম নিল এক বিতর্ক। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা, তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠায় দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপার উল্লাসে মেতে উঠল, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের। বাংলাদেশ প্রতিবাদ জানালে আবার খেলতে বলা হয় ভারতীয় ফুটবলারদের। এরপর ভারতীয় ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যান।
বিতর্কিত সেই পরিস্থিতিতে জানা যায়, ভারত ৩০ মিনিটের মধ্যে মাঠে না ফিরলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে বাংলাদেশকে। শেষ পর্যন্ত দুই ঘণ্টারও বেশি সময়ের অপেক্ষা শেষে বাংলাদেশ-ভারত দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ২০২৪ অনূর্ধ্ব-১৯ নারী সাফের। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক আফঈদা বলেন, ‘সিদ্ধান্ত কী হবে, সিদ্ধান্ত কী হবে...আবার খেলা হবে কি না। খুব টেনশনে ছিলাম। পরে তো যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো।’
বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার আগে গলদঘর্ম হতে হয়েছে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালকে। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে চলে গিয়েছিল এক ঘণ্টারও বেশি সময়। বাইলজে না থাকার পরও কেন যৌথ চ্যাম্পিয়ন—এ বিষয়ে হেলাল বলেন, ‘আমরা সমঝোতার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম। এক. ম্যাচটা আমরা পরিত্যক্ত করে দিই এবং আরেকটা ম্যাচ আয়োজন করব। দুই. টাইব্রেকার চালিয়ে নেওয়া এবং তিন. যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা। শেষ পর্যন্ত এই আলোচনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করেছিলাম। শেষ পর্যন্ত তাঁরা রাজি হন যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে।’
টাইব্রেকার বিতর্কের আগে দারুণ এক উপভোগ্য ফাইনাল দেখেছেন মাঠের দর্শক। ম্যাচে ৮ মিনিটে শিবানী দেবীর গোলে এগিয়ে যায় ভারত। অতিরিক্ত ৪ মিনিট সময়ের এক মিনিট আগে সাগরিকার গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার থেকেই জন্ম নিয়েছে যত বিতর্কের।
আরও পড়ুন:

গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যাটারদের সামনে হাসান যেন বিভীষিকা। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাব।
২৩ মিনিট আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
১ ঘণ্টা আগে
দশ গোলের লজ্জার হার। অথচ ম্যাচ শেষে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলারের কথায় আবারও সেই পুরোনো প্রসঙ্গ—মাঠের বাইরের হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হারের পর দলের ভয়াবহ পারফরম্যান্সের দায় মাঠের ভেতরের জন্য নিলেও বাইরে কী হচ্ছে, তার দায় নিতে রাজি নন ইংলিশ কোচ। বরং মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা, কনফ
১ ঘণ্টা আগে
জাপানের নাগোয়া ও আইচিতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আবাসন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী কেবিনের বিছানা ছোট হওয়ায় খেলোয়াড়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ দেশটির কর্মকর্তাদের।
২ ঘণ্টা আগে