Ajker Patrika

ভারতে খাবারদাবারের বিশেষ প্রস্তুতি নিয়েই এসেছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২: ৪১
ভারতে খাবারদাবারের বিশেষ প্রস্তুতি নিয়েই এসেছে ব্রাজিল
কলকাতায় এসে পৌঁছেছে ব্রাজিলের ৯০ জনের বহর। আছেন শেফ-হাইজিন ম্যানেজারও। ছবি: সংগৃহীত

কলকাতা এখন উৎসবের নগরী। প্রথমবারের মতো ব্রাজিল দল খেলতে এসেছে বলে কথা। গতকাল ব্রাজিলের ৯০ জনের বিশাল বহর কলকাতায় পৌঁছেছে। দল ও কোচিং স্টাফের সদস্যরা তো আছেনই। এমনকি শেফ-হাইজিন ম্যানেজারও নিয়ে এসেছে ব্রাজিল ফুটবল দল।

বাংলাদেশ সময় গতকাল রাত ৯টা ১৫ মিনিটে ব্রাজিলের প্রতিনিধিদল কলকাতা বিমানবন্দরে নামে। পরবর্তীতে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ ও সবুজ রঙে রাঙানো দুটি বাসে করে তাদের ভিআইপি গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। দুটি পাইলট কার বহরের সামনে থেকে পথ দেখিয়ে সায়েন্স সিটির কাছে ইএম বাইপাসে টিম হোটেল পর্যন্ত নিয়ে যায়।

ভারতে খাবারদাবারের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য ৯০ জনের বহরে শেফ-হাইজিন ম্যানেজারও নিয়ে এসেছে ব্রাজিল। দলের জন্য মাংস, পনির এমনকি পানিও সঙ্গে করে আনা হয়েছে। খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে ব্রাজিলের নির্দিষ্ট চাহিদা পূরণে ইএম বাইপাসের হোটেল কর্তৃপক্ষও বিশেষ ব্যবস্থা করেছে।

অতিথি ব্রাজিলের জন্য কেমন খাবারদাবারের আয়োজন করা হয়েছে, সে সম্পর্কে ধারণা দিয়েছেন ইএম বাইপাস হোটেলের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘খাবার প্রস্তুত করা ও খাওয়ার জন্য তাদের ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে। তাদের জন্য আমরা শুধু ভেটকি মাছ ব্যবহার করব। বাকি মাংসজাতীয় পণ্য—মূলত টার্কি, মুরগি ও ল্যাম্ব—সবই আমদানি করা হয়েছে।’

ব্রাজিল ফুটবল দলের কঠোর নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে বিমানবন্দর থেকেই। পুলিশ সমর্থকদের বিমানবন্দরের আশপাশে জড়ো হতে কিংবা খেলোয়াড়দের যাওয়ার পথে রাস্তার দুই পাশে দাঁড়াতেও দেয়নি। ফলে মাত্র গুটিকয়েক ভক্ত ব্রাজিলের খেলোয়াড়দের এক ঝলক দেখতে পেরেছেন। প্রায় ৯০ জনের ব্রাজিলের বিশাল বহরের বিমানবন্দর থেকে বের হওয়ার জন্য সময় ছিল মাত্র ১১ মিনিট। এদিকে হোটেলে পৌঁছাতে পুরো বহরের জন্য পুলিশ ৮ মিনিটের একটি সময়সীমা বেঁধে করেছিল।

ইএম বাইপাসে অবস্থিত হোটেলের মধ্যেও ভেতরেও ব্রাজিল দলের আগমন ঘিরে উত্তেজনার আভাস পাওয়া যায়। ভিনিসিয়ুস জুনিয়র হলুদ টুপি পরে উপস্থিত হলে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায়। লবিজুড়ে ‘ভিনি, ভিনি’ স্লোগান শোনা যায়। খেলোয়াড়দের জলপাই রঙের হুডি, শর্টস ও হলুদ ক্যাপ পরে হোটেলে ঢুকতে দেখা যায়।

আজ সকালে দলের হোটেলে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি এবং একজন খেলোয়াড় উপস্থিত থাকবেন। এরপর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে প্রস্তুতি নিতে বিকেল চারটা থেকে সল্টলেকে অনুশীলন করবে ব্রাজিল।

ব্রাজিলের পাশাপাশি লাতিন আমেরিকার আরেক দল উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত। ৬ অক্টোবর সল্টলেকে হবে ভারত-উরুগুয়ে ম্যাচ। এই দুই ম্যাচ সামনে রেখে যুব ভারতী স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে পুরোদমে। গ্যালারির স্ট্যান্ডগুলোতে চলছে রংয়ের কাজ। আসন পরিবর্তন করে নম্বর বসানো হচ্ছে নতুন করে। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম দেখভাল করছে।

এবারের ফিফা উইন্ডোতে তিন ম্যাচের দুটিই ব্রাজিল খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। যোগ করা সময়ে রায়ানের হেডে দেওয়া গোলে ড্র করেছিল ব্রাজিল। এরপর সানকর্প স্টেডিয়ামে ২৮ সেপ্টেম্বর পিছিয়ে পড়ে ব্রাজিল ৪-২ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। পরশু সল্টলেকে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ভারত। তবে চোটে পড়ায় রাফিনিয়া খেলতে পারছেন না এই ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত