Ajker Patrika

এবারও কাটল না ট্রফিখরা, কেঁদেই মাঠ ছাড়লেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
এবারও কাটল না ট্রফিখরা, কেঁদেই মাঠ ছাড়লেন রোনালদো
১-০ গোলে হেরেছে সিআরসেভেনের দল আল নাসর। ছবি: সংগৃহীত

আরেকটি ফাইনাল, আরেকটি হতাশা। ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুর এর ট্রফি ছুঁতে পারল না আল নাসর। নিজেদের মাঠ আলাওল পার্কে শনিবার রাতে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সৌদি ক্লাবটির।

ফাইনালের একমাত্র গোলটি আসে ২৯ মিনিটে। ১৬ গজ দূর থেকে ডেনিজ হুমেটের নিখুঁত শটে এগিয়ে যায় ওসাকা। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। জয়ের সুবাদে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শিরোপা জিতল জাপানি ক্লাবটি।

স্কোরলাইন যদিও আল নাসরের পারফরম্যান্সের গল্প পুরোটা বলে না। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল রোনালদোর দল। গোলের উদ্দেশ্যে তারা নেয় ১৭টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়ান ওসাকার তরুণ গোলরক্ষক রুই আরাকি। অন্যদিকে মাত্র ৩টি শট নিয়েই কার্যকর ফুটবল খেলেছে ওসাকা, যার দুটি ছিল লক্ষ্যে।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। সপ্তম মিনিটে আব্দুলরহমান ঘারিবের শট পোস্টে লাগে। এরপর ১৬ মিনিটে সাদিও মানের চেষ্টা যায় পাশের জালে। সুযোগ নষ্টের মাশুলই পরে গুনতে হয় সৌদি ক্লাবটিকে।

গোল হজমের পর আরও মরিয়া হয়ে ওঠেন রোনালদোরা। প্রথমার্ধের যোগ করা সময়ে অল্পের জন্য বাইরে চলে যায় রোনালদোর হেড। দ্বিতীয়ার্ধে হোয়াও ফেলিক্সের দূরপাল্লার শটও পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষ দিকে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান ওসাকার ডিফেন্ডার তাকেরু কিশিমোতো।

এই হারের ফলে আল নাসরের জার্সিতে রোনালদোর শিরোপাখরা আরও দীর্ঘ হলো। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখনো কোনো বড় ট্রফি জিততে পারেননি পর্তুগিজ মহাতারকা। রোনালদোর সামনে অবশ্য মৌসুম শেষ হওয়ার আগেই সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ আছে। সৌদি প্রো লিগে ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল। শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে আল নাসর, আর জিতলে কোনো সমীকরণ ছাড়াই ট্রফি উঠবে রোনালদোদের হাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত