Ajker Patrika

বিশ্বকাপ ব্যর্থতার পরই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩০
বিশ্বকাপ ব্যর্থতার পরই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন রোনালদো
আজ রাতে রোনালদো খেলতে নামবেন ওয়েলসের বিপক্ষে। ছবি: ফাইল ছবি

বয়স হয়ে গেছে ৪১ বছর। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে তো সেটা বোঝার কোনো উপায় নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক রেকর্ড গড়া রোনালদোর মুখও চলছে সমান তালে। আন্তর্জাতিক ফুটবলের ম্যাচের আগের দিন বিস্ফোরক মন্তব্য করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় আজ রাতে নেশনস লিগে পর্তুগাল খেলবে ওয়েলসের বিপক্ষে। পর্তুগাল দলের সবকিছু যে রোনালদোকে ঘিরে আবর্তিত হয়, তা আর নতুন করে বলার কিছু নেই। তবে সম্প্রতি জাতীয় দলের হয়ে সময়টা তাঁর ভালো যাচ্ছে না। ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাঁর দল যেমন শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে, তিনিও সেই অর্থে ঝলক দেখাতে পারেননি। পাঁচ ম্যাচে করেন ৩ গোল। নেই কোনো অ্যাসিস্ট।

আনুষ্ঠানিকভাবে না জানালেও ২০২৬ শেষ হতেই ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন রোনালদো। বিশ্বকাপ ব্যর্থতার পরই কি পর্তুগালকে বিদায়ের চিন্তা করেছিলেন—ওয়েলস ম্যাচের আগে গতকাল তাঁর কাছে এসেছে এমন প্রশ্ন। পর্তুগাল ফরোয়ার্ড বলেন, ‘হ্যাঁ, আমি পর্তুগাল ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলাম। অবশ্যই সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে চিন্তা করি। আমি একজন চিন্তাশীল মানুষ। আপনাকে ভাবতে হবে। এই কারণেই আপনারা আমাকে এখন এখানে দেখছেন। এর মানে হলো, আমি চালিয়ে যাব।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে কোচের পদ থেকে পদত্যাগ করেন রবার্তো মার্তিনেস। তবে পর্তুগাল শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার আগে রোনালদোর কারণে সমালোচনার মুখে পড়েছিলেন মার্তিনেস। শিষ্য অফ ফর্মে থাকলেও তাঁর দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিলেন পর্তুগালের সাবেক কোচ। এ ছাড়া ২০২৬-২৭ মৌসুমে ক্লাব ফুটবলেও সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। আল নাসরের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেন সাত ম্যাচ। তিন গোল করলেও নেই কোনো অ্যাসিস্ট।

দলের বোঝা মনে হওয়ার আগেই অবসরের ইঙ্গিত দিয়েছেন রোনালদো। ওয়েলসের বিপক্ষে খেলার আগের দিন পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘যেদিন তাঁরা আমাকে জাতীয় দলে আর দেখতে চাইবেন না, সেদিন আমিই সবার আগে চলে যাব। যখন মনে হবে যে দলের জন্য কোনো অবদান রাখতে পারছি না কিংবা আমার কারণে দলের পরিবেশ খারাপ হচ্ছে, স্যুটকেস গুছিয়ে নিজ দায়িত্বে চলে যাব।’

২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৬ দিনের ফিফা উইন্ডোতে পর্তুগাল খেলবে চার ম্যাচ। যার মধ্যে দুটি হোম ম্যাচ। আজ রাতে ওয়েলসকে আতিথেয়তা দেবে পর্তুগিজরা। পর্তুগালের ঘরের মাঠে পরবর্তী ম্যাচ ৪ অক্টোবর নরওয়ের বিপক্ষে। মাঝের দুই ম্যাচ রোনালদোরা খেলবেন অ্যাওয়েতে। ২৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পর্তুগালের প্রতিপক্ষ নরওয়ে ও ডেনমার্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত