Ajker Patrika

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ কারা

ক্রীড়া ডেস্ক    
কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ কারা
সেলেসাওদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরে আসতে পারে ব্রাজিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কলকাতা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ বিষয়ে ভারতীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালেই সিবিএফ ও ভারতীয় ফুটবল কর্তাদের মধ্যে এই প্রীতি ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপে ব্রাজিলের প্রতি ভারতীয় সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভক্তদের নানা ছবি ও ভিডিও সিবিএফকে এশিয়ার দেশটিতে সফরের ব্যাপারে আগ্রহী করেছে।

আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল। তৃতীয় ম্যাচটি আয়োজনের জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে।

সম্ভাব্য ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। ইএসপিএন ব্রাজিলের দাবি, বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার থেকেও ব্রাজিলকে আতিথ্য দেওয়ার আগ্রহ ছিল। তবে এখন পর্যন্ত কেবল ভারতের সঙ্গেই আলোচনা এগিয়েছে।

শেষ পর্যন্ত ম্যাচটি কলকাতায় হলে শহরটির সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহাসিক সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউইয়র্ক কসমসের হয়ে ইডেন গার্ডেনে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন। পরে কয়েক দশক পর আবারও কলকাতা সফর করেছিলেন ব্রাজিলের এই কিংবদন্তি।

হতাশাজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ শেষ করেছে ব্রাজিল। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। পুরো টুর্নামেন্টে চার গোল ও এক অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তাঁর দারুণ নৈপুণ্যও ব্রাজিলের বিশ্বকাপ অভিযানকে দীর্ঘ করতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত