
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে আলোচনার কারণ কোনো ফুটবলীয় ঘটনা নয়; বরং তাঁর হাতে একসঙ্গে পরা তিনটি বিলাসবহুল ঘড়ি।
ভিনিসিয়ুসের ছবিটি ভাইরাল হওয়ার পর সেটিকে ঘিরে নেটিজেনরা মজার এক তত্ত্ব দাঁড় করিয়েছেন। সেই সূত্রে নতুন করে আলোচনায় এসেছে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার কয়েক মাস আগের একটি বিতর্কিত মন্তব্য।
রিও ডি জেনেইরোর বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্য পরিদর্শনের সময় তোলা ছবিতে ভিনিসিয়ুসকে একই কব্জিতে তিনটি ঘড়ি পরা অবস্থায় দেখা যায়। ছবিটি প্রকাশের পর এক্সে হাসির রোল পড়ে যায়।
কমেন্টে অনেকে দাবি করেছেন, ভিনিসিয়ুস নাকি তিনটি ভিন্ন টাইম জোনের সময় দেখানোর জন্য তিনটি ঘড়ি পরেছেন, যাতে ভার্জিনিয়ার পোস্ট দেওয়ার সময় আর সময়ের হিসাব করতে না হয়। ভাইরাল হওয়া একটি পোস্টে লেখা হয়, ‘কী দারুণ! ভিনির হাতে প্রতিটি টাইম জোনের জন্য একটি করে ঘড়ি আছে, তাই ভার্জিনিয়াকে পোস্ট দেওয়ার সময় আর খুঁজতে হবে না।’
এই রসিকতার পেছনে রয়েছে চলতি বছরের এপ্রিলের একটি ঘটনা। সে সময় ভার্জিনিয়া জানিয়েছিলেন, বিদেশ সফরে গেলে স্থানীয় সময়কে ব্রাসিলিয়ার সময়ের সঙ্গে মিলিয়ে সামাজিক মাধ্যমে স্টোরি পোস্ট করাই তাঁর কাছে সবচেয়ে ক্লান্তিকর কাজগুলোর একটি।
ভার্জিনিয়ার এই মন্তব্য তখন সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যদিও কেউ কেউ মনে করেছিলেন, ব্রাজিলের অনুসারীদের জন্য নির্দিষ্ট সময়ে পোস্ট প্রকাশের বিষয়টি একজন কনটেন্ট নির্মাতার জন্য গুরুত্বপূর্ণ, তবু অনেকেই এটিকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন।
কয়েক মাস পর ভিনিসিয়ুসের তিনটি ঘড়ি পরা ছবি প্রকাশের পর সেই বিতর্কই আবার সামনে চলে এসেছে। নেটিজেনদের মন্তব্যেও ছিল হাস্যরসের ছোঁয়া। একজন লিখেছেন, ‘ব্রাজিলিয়ানদের কল্পনার কোনো সীমা নেই।’ আরেকজনের মন্তব্য, ‘নেইমারের কব্জিতে যেন অলিম্পিকের পদকজয়ীদের পোডিয়াম।’ অন্য একজন আবার রসিকতা করে লেখেন, ‘একই সময় দেখায়—এমন সব ঘড়ি বিক্রি করে দিচ্ছি।’
ভিনিসিয়ুসের হাতে থাকা তিনটি ঘড়িই সুইস বিলাসবহুল ব্র্যান্ড অডেমার পিগের রয়্যাল ওক মিনি ফ্রস্টেড গোল্ড কোয়ার্টজ সংগ্রহের। আন্তর্জাতিক অঙ্গনের অনেক তারকাই বর্তমানে ফ্যাশনের অংশ হিসেবে একই সঙ্গে ইয়েলো গোল্ড, হোয়াইট গোল্ড ও রোজ গোল্ড সংস্করণের একাধিক ঘড়ি পরছেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, প্রতিটি ঘড়ির ন্যূনতম মূল্য প্রায় ২ লাখ ৪ হাজার ব্রাজিলিয়ান রিয়াল। তবে বিলাসবহুল ঘড়ির সেকেন্ডারি বাজারে কোনো কোনো ঘড়ির দাম ১০ লাখ রিয়ালেরও বেশি হতে পারে। সে হিসেবে ভিনিসিয়ুসের হাতে থাকা তিনটি ঘড়ির সম্ভাব্য মোট মূল্য প্রায় ৩০ লাখ ব্রাজিলিয়ান রিয়ালে পৌঁছাতে পারে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারত সফরে আসতে পারে ব্রাজিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কলকাতা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ বিষয়ে ভারতীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানার থাকা নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কাই এবার সত্যি হলো। পেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই গতি তারকা। আজকের পত্রিকাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলকে ঘিরে বিদেশি সংবাদমাধ্যম ও সমর্থকদের সমালোচনার জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তাঁর দাবি, ঈর্ষা থেকেই আর্জেন্টাইনদের নিয়ে এমন সমালোচনা বা অযৌক্তিক কথা বলে মানুষ।
৫ ঘণ্টা আগে
মেসির খুব কাছের মানুষদের একজন পারেদেস। এলএমটেনের জাতীয় দলে দীর্ঘদিনের সতীর্থ বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। পিএসজিতেও দুজন একসঙ্গে খেলেছেন। তাই পারেদেসের মুখ থেকে মেসির অবসর ভাবনার কথা উঠে আসায় তা বাড়তি গুরুত্ব পেয়েছে।
৬ ঘণ্টা আগে