Ajker Patrika

ক্লাবগুলোর দাবির পরও লিগ নিয়ে অনড় বাফুফে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ক্লাবগুলোর দাবির পরও লিগ নিয়ে অনড় বাফুফে
লিগ কমিটি সভা শেষে বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। ছবি: সংগৃহীত

ক্লাবগুলোর আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবির মধ্যেই ঘরোয়া ফুটবলের সূচি বহাল রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আজ লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।

মোহামেডানের নেতৃত্বে কয়েকটি ক্লাব তিন দিন আগে বাফুফের কাছে চিঠি দিয়ে ঘরোয়া মৌসুম শুরুর সময়সূচি নিয়ে আপত্তি জানায়। লিগ কমিটি পুনর্গঠনের দাবিও ছিল তাদের। জাতীয় দলের ব্যস্ত সূচির মধ্যে লিগ শুরু করলে ক্লাবগুলো পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারবে না—এমন যুক্তিও তুলে ধরেছে ক্লাবগুলো।

ক্লাবগুলোর চিঠির বিষয়ে সভা শেষে ইমরুল হাসান বলেন, ‘আসলে ক্লাবগুলো যেটা চিঠি দিয়েছে, আমাদের প্রেসিডেন্ট বরাবর চিঠি দিয়েছে, আমরা লিগ কমিটির তরফ থেকে আমাদের পর্যবেক্ষণ তৈরি করেছি, হয়তো আমরা প্রেসিডেন্টের সাথে আগামীকালকে বসব।’

জাতীয় দলের আন্তর্জাতিক সূচির সঙ্গে ঘরোয়া ফুটবলের সময়সূচির সংঘাত নিয়ে প্রশ্ন উঠলেও লিগ শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসেনি লিগ কমিটি। এবার এশিয়ান কাপ চলাকালেও লিগের দুটি রাউন্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমন সিদ্ধান্ত আগে কখনো হয়নি—এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন, ‘কখনো হয়নি, আমরা আসলে লিগ শুরু করার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা কখনো হয়নি বলে যে কখনো হবে না, সেটা তো আসলে থাকা ঠিক না।’

পরিস্থিতির ভিন্নতাও তুলে ধরেছেন তিনি। ইমরুলের বক্তব্য, ‘আপনারা একটু পিছিয়ে ফেলছেন আমার মনে হয়। আগে পিছিয়ে... যেহেতু এবার লিগটুকু শুরুই হয়নি, ন্যাশনাল টিমের ক্যাম্প কিন্তু অনেকদিন পূর্বে শুরু হয়ে গিয়েছে। আর যখন লিগ চলমান অবস্থায় থাকে, তখন ফিফা উইন্ডো যখন থাকে, তখন কিন্তু আমরা ওই সময়টাতে লিগ বন্ধ রাখি। একটু মনে হয় অবস্থার তারতম্য আছে এই জায়গায়।’

জাতীয় দলের খেলোয়াড়দের অনুপস্থিতিতে ক্লাবগুলোর পূর্ণ শক্তির দল গড়া নিয়েও অবশ্য প্রশ্ন থাকছে। ১৯ সেপ্টেম্বর আসিয়ান কাপ খেলতে জাতীয় দলের ইন্দোনেশিয়া যাওয়ার কথা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফা উইন্ডো। জাতীয় দলে মোহামেডানের ৯ ফুটবলার রয়েছেন। বসুন্ধরা কিংস, আবাহনী ও ফর্টিস এফসিরও একাধিক খেলোয়াড় আছেন জাতীয় দলের সঙ্গে।

ক্লাবগুলোর দাবি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এ বিষয়ে ইমরুল বলেন, ‘আমি তো বলেছি ক্লাবগুলো কিন্তু তাদের দাবি-দাওয়া প্রেসিডেন্টের কাছে কিন্তু ব্যক্ত করেছে। তো সুতরাং আমরা প্রেসিডেন্টের কাছ থেকে শোনার পর সামগ্রিক অবস্থা বিবেচনা করে ক্লাবগুলোর সাথে বসব।’

আজ ফেডারেশন কাপেরও ড্র হয়েছে বাফুফে ভবনে। তবে ফেডারেশন কাপের ভেন্যু তালিকায় এবার নেই কিংস অ্যারেনা। গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনাল সেখানে আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছিল। ভেন্যুটি লটারির মাধ্যমে নির্ধারিত হলেও বিতর্ক তৈরি হওয়ায় এবার সেই পরিস্থিতি এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমরুল।

তাঁর ভাষায়, ‘আপনারা জানেন যে গত বছর বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছিল। যে ফেডারেশন কাপ ফাইনাল কেন কিংস এরেনাতে অনুষ্ঠিত হবে, যদিও সেটা লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছিল। এ সমস্ত বিতর্ক এড়াতেই আসলে কিংস অ্যারেনাতে খেলা রাখা হয়নি।’

ফেডারেশন কাপের কিছু ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও জানিয়েছে লিগ কমিটি। ইমরুল বলেন, ‘ফেড কাপের যেহেতু লিগ পর্যায়ের কিছু ম্যাচও আমরা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠান করব, সেই ক্ষেত্রে আমাদের ইচ্ছা আছে যদি জাতীয় দলের কোনো বাধ্যবাধকতা না থাকে, আমরা চেষ্টা করব প্রতিটা ম্যাচই জাতীয় স্টেডিয়ামে করার জন্য।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত