Ajker Patrika

উজ্জীবিত মেসিদের সামনে অস্ট্রিয়া

রানা আব্বাস, ডালাস থেকে
উজ্জীবিত মেসিদের সামনে অস্ট্রিয়া
হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন, বাড়িয়ে দিয়েছেন সমর্থকদের প্রত্যাশা—অস্ট্রিয়ার বিপক্ষে কী করবেন লিওনেল মেসি? আগের দিন দলীয় অনুশীলনে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার। ছবি: এএফপি

বারবিকিউর জন্য বিখ্যাত কানসাস সিটি। সেখানে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা দল। দলটার ঐতিহ্যের সঙ্গে বারবিকিউর একটা বিশেষ যোগ আছে। বড় অভিযানে বের হলে আর্জেন্টিনা সাধারণত বেস ক্যাম্পে ‘আসাদো’র (আর্জেন্টাইন বারবিকিউ) আয়োজন করে থাকে। দলের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে ‘আসাদো’র আয়োজন করেছে টিম ম্যানেজমেন্ট।

এমিলিয়ানো মার্তিনেস বারবিকিউ করতে করতে নাচছেন। মজা করছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর্জেন্টিনা দলের সুখী, ফুরফুরে ছবিটাই যেন ফুটে উঠেছে ঐতিহ্যবাহী আসাদো আয়োজনে।

সোমবার ডালাসে অস্ট্রিয়া ম্যাচ খেলার আগে রোববার সকালেও কানসাস সিটিতে অনুশীলন করবে আর্জেন্টিনা। দল হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে বিকেল সাড়ে ৪টায় ভাড়া করা বিমানে প্রায় ৯০০ কিলোমিটার দূরের (দেড় ঘণ্টার ফ্লাইট) ডালাসে রওনা দেবে তারা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডালাসে পৌঁছানোর কথা মেসিদের। বিমানবন্দর থেকে সরাসরি স্টেডিয়ামে আসবেন কোচ লিওনেল স্কালোনি ও একজন খেলোয়াড়। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ফিরবেন টিম হোটেলে।

সোমবার ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় (স্থানীয় সময় দুপুর ১২টা) বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে র‍্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২০ ধাপ পিছিয়ে অস্ট্রিয়ার। ১৯৯৮ সালের পর দীর্ঘ ২৮ বছর পর ২০২৬ বিশ্বকাপে অন্যতম রোমাঞ্চকর দল হিসেবে ফিরেছে অস্ট্রিয়া। সান ফ্রান্সিসকোতে জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরুও হয়েছে তাদের দারুণ। ‘প্রেসিং’ ফুটবলের অগ্রদূত হিসেবে পরিচিত অস্ট্রিয়ার জার্মান মাস্টারমাইন্ড রালফ রাংনিক আক্রমণাত্মক ফুটবলে ভড়কে দিতে চাইবেন আর্জেন্টিনাকে।

ইউরোপীয় দল অস্ট্রিয়ার রোমাঞ্চকর ফুটবল উপহার দেওয়ার বিষয়টি ভালোই জানা আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির। তো অস্ট্রিয়ার বিপক্ষে কোন কৌশলে খেলাবেন তিনি? কোচিং ক্যারিয়ারে ৯৭ ম্যাচের মধ্যে মাত্র তিনবার একই একাদশ টানা খেলিয়েছেন স্কালোনি। এ ম্যাচেও কিছু পরিবর্তনের কথা ভাবছেন। অস্ট্রিয়াকে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করতে চায় আর্জেন্টিনা।

আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশের তুলনায় একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় খেলতে পারবেন না রাইট ব্যাক গনসালো মন্তিয়েল। তাঁর অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে নাউয়েল মোলিনাকে। বাঁ প্রান্তে আপাতত ফাকুন্দো মেদিনাই খেলবেন। নিকোলাস তাগলিয়াফিকোকে পুরোপুরি ফিট হতে আরও কিছুটা সময় দিতে চায় আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে স্ট্রাইকার হিসেবে শুরু করবেন কে? লাউতারো মার্তিনেস এগিয়ে, তবে সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেসও। আলজেরিয়া ম্যাচে শুরুতে লাউতারোকে খেলিয়ে পরে বদলি হিসেবে আলভারেসকে নামান স্কালোনি। অস্ট্রিয়ার বিপক্ষেও শুরুর একাদশে লাউতারোরই থাকার সম্ভাবনা বেশি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোড়ালির লিগামেন্টে চোট পেয়ে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা আলভারেসকে ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফিরিয়ে আনতে চান স্কালোনি। বাঁ দিকের আক্রমণে থিয়াগো আলমাদার জায়গায় নিকোলাস গনসালেসকে খেলানো হতে পারে। অস্ট্রিয়া যেহেতু অনেক ওপরে উঠে প্রেসিং করার সামর্থ্য রাখে, তাদের পেছনে তৈরি হওয়া ফাঁকা জায়গার সুবিধা নিতে গনসালেসকে ব্যবহার করার চিন্তা স্কালোনির। আলজেরিয়া ম্যাচের মিডফিল্ডে কিছু ঘাটতি চোখে পড়লেও বিশ্বকাপজয়ী ত্রয়ী রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তারের একাদশে জায়গা নিশ্চিতই থাকছে।

আর দলের প্রাণভোমরা মেসি অপেক্ষায় আছেন অস্ট্রিয়াকে হারিয়ে ২৪ জুন নিজের ৩৯ তম জন্মদিন উদ্যাপনের। কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে (১৬) ভাগ বসিয়েছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে একটা গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও হাতছানি দিচ্ছে মেসিকে।

আগের ম্যাচেই মেসি জানিয়েছেন, তাঁর কাছে রেকর্ড-পরিসংখ্যান শুধুই সংখ্যা। তাঁর ভাবনাজুড়ে যেটা থাকবে, সোমবার তপ্ত দুপুরে ছাদঢাকা ৯৪ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ডালাস স্টেডিয়ামে জিতে পরের রাউন্ড নিশ্চিত করা। ম্যাচ জয়ের ‘বাইপ্রোডাক্ট’ হিসেবে যদি রেকর্ড বই ওলটপালট হয়, হবে! মেসি জ্বলে উঠলে রেকর্ড-টেকর্ড হবে না, তা আবার হয় নাকি?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত