Ajker Patrika

ফিফার বিরুদ্ধে আপিল করবে স্পেন

ক্রীড়া ডেস্ক    
ফিফার বিরুদ্ধে আপিল করবে স্পেন
ফিফার বিরুদ্ধে আপিল করবে স্পেন। ছবি: এএফপি

মুসলিমবিরোধী স্লোগানের কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) শাস্তি দেয় ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার বিরুদ্ধে আপিল করেও তাদের আপিল কমিটি সায় দিল না। এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আরএফইএফ।

ফিফার আপিল কমিটি যখন স্পেনের আবেদন খারিজ করে দেয়, তখন স্প্যানিশরা যাচ্ছে ক্রীড়া সালিশ আদালতে (সিএএস)। আরএফইএফ এবার সিএএসে পাল্টা মামলা করবে বলে জানা গেছে।

মুসলিমদের লক্ষ্য করে গ্যালারিতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে গত মার্চে বৈষম্যমূলক স্লোগান দিয়েছিলেন দর্শকেরা। সাত মাস পর গতকাল ফিফা শাস্তি দেয় আরএফইএফকে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ২০ হাজার ডলার জরিমানাও করেছে স্পেনকে। বাংলাদেশি মুদ্রায় তা ২৪ লাখ ৬০ হাজার টাকা। এখানেই শেষ নয়। পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন বন্ধ রেখে খেলার পরামর্শ দিয়েছে স্পেনকে।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্পেন-মিসর গত মার্চে মুখোমুখি হয়েছিল আরসিডিই স্টেডিয়ামে। ম্যাচ চলাকালে স্পেনের কিছু সমর্থক স্লোগান দিয়েছিলেন, ‘তুমি যদি লাফ না দাও, তাহলে তুমি একজন মুসলিম।’ দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর সমর্থকদের সতর্ক করা হয়েছিল। একই সঙ্গে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তা প্রদর্শন করা হয়েছিল স্কোরবোর্ডে।

লামিন ইয়ামাল মার্চে অনুষ্ঠিত ম্যাচে বৈষম্যমূলক স্লোগানের নিন্দা জানিয়েছিলেন। তিনি ঘটনাটিকে অসম্মানজনক ও অসহনীয় বলে উল্লেখ করেছিলেন। দায়ী ব্যক্তিদের অজ্ঞ ও বর্ণবাদী বলে আখ্যায়িত করেছিলেন। ঘটনার পরদিনই স্প্যানিশ পুলিশ তদন্তে নামলে ফিফাও স্পেনের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে দিয়েছিল। যার প্রেক্ষাপটে গতকাল শাস্তি পায় স্পেন। এবার স্প্যানিশরা যাচ্ছে ক্রীড়া আদালতে।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত স্পেন-মিসর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচের চার মাস পর স্পেন নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জেতে। ১৯ জুলাই নিউজার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় স্পেন। জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত