কিংস-মোহামেডানের দাপুটে জয়

প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ, তবু গোল নেই। বিরতির পর বদলে গেল দৃশ্যপট। গোলের দেখা পেল বসুন্ধরা কিংস। খুলল জয়ের পথ। গাজীপুরে নবাগত সিটি ক্লাবের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে আজ মানিকগঞ্জে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই ম্যাচেই প্রথমার্ধের গোলশূন্যতা কাটিয়ে দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করেছে দুই দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে কিংসের আক্রমণের মুখে প্রথমার্ধে বেশির ভাগ সময়ই রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল সিটি ক্লাব। কিন্তু গোলের সামনে গিয়ে বারবারই খেই হারিয়েছে কিংস। ৩৪ মিনিটে রবসন রবিনিও এবং ৩৮ মিনিটে কাইকি—দুজনই গোলরক্ষক ইসহাক আকন্দকে একা পেয়েও গোল করতে পারেননি। ফলে আধিপত্য থাকলেও বিরতিতে গোলশূন্য থাকতে হয় কিংসকে।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর অপেক্ষা করতে হয়নি। ৪৯ মিনিটে কাইকির পাস ধরে বক্সের ভেতর থেকে গোল করেন অধিনায়ক রবিনিও। গোল পেয়ে আত্মবিশ্বাস বাড়ে কিংসের, তবে সিটি ক্লাবও হাল ছাড়েনি। ৫২ মিনিটে এনামুল গাজীর শট ঠেকিয়ে কিংসকে স্বস্তি দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৬৯ মিনিটে রফিকুল ইসলামের ক্রস থেকে শায়েক দোস্তের হেডও ফিরিয়ে দেন তিনি।
সিটি ক্লাবের সমতায় ফেরার চেষ্টা থামিয়ে ব্যবধান বাড়ায় কিংস। ৭০ মিনিটে বক্সের মধ্যে এমেকা অগবুহকে ফাউল করেন ফরহাদ মিয়া। পেনাল্টি থেকে এক মিনিট পরই গোল করেন এমেকা। ৮৯ মিনিটে এমেকার কাটব্যাক থেকে কাজেম শাহর প্রচেষ্টা পোস্টে লেগে প্রতিহত হয়। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর পাস পেয়ে বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে গোল করেন কাজেম শাহ। তাতে তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। আর সিটি ক্লাবের এটি প্রথম হার।
মানিকগঞ্জে মোহামেডানের ম্যাচেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে বিরতি পর্যন্ত। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এগিয়ে যায় সাদা-কালোরা। এমানুয়েল সানডের ক্রস থেকে হেডে গোল করেন মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।
ব্যবধান বাড়ানোর চেষ্টায় ছিল মোহামেডান। ৭৮ মিনিটে আবারও সানডের ক্রস থেকে সুযোগ তৈরি হয়। দিয়াবাতের হেড থেকে ফিরতি হেড করে বল জালে পাঠান মিনহাজ রাকিব। তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় মোহামেডানের। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে সাদা কালোরা। টানা ৩ ড্রয়ের পর হারের মুখ দেখা পিডব্লিউডি ৩ পয়েন্ট নিয়ে সাতে। সমান ৭ পয়েন্ট নিয়ে কিংস চার ও পাঁচে সিটি ক্লাব।







_11zon-2c50ba-256x144.webp)

