Ajker Patrika

এমবাপ্পের এখনো অনেক কিছু করা বাকি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ জুন ২০২৬, ১৭: ০৪
এমবাপ্পের এখনো অনেক কিছু করা বাকি
ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ৫৮ গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: ফেসবুক

বিশ্বকাপের শুরুটা কিলিয়ান এমবাপ্পের কাছে হয়েছে মনে রাখার মতোই। ফ্রান্স যেমন জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে, তেমনি এমবাপ্পেও নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। তবে ফরাসি ফরোয়ার্ড থামতে চান না এখানেই। তাঁর লক্ষ্য আরও বড়।

নিউইয়র্কের নিউ জার্সিতে পরশু রাতে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবলে ২৭ বছর বয়সী ফ্রান্সের এই ফরোয়ার্ডের গোল এখন ৫৮। ফ্রান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ার জিরু করেন ৫৭ গোল। রেকর্ডটি নিজের করে নেওয়ার পর গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এমবাপ্পে লিখেছেন, ‘৫৮ গোল। আমাদের জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হতে পারা গর্বের বিষয়। এমন এক দেশের অনেক গ্রেট ফুটবলারদের পেছনে ফেলেছে।’

ফ্রান্স-সেনেগাল ম্যাচে পরশু রাতে একটা পর্যায়ে ৬৫ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল গোলশূন্য ড্র। ৬৬ মিনিটে এমবাপ্পের পা থেকে আসে ম্যাচের প্রথম গোল। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে জিতে যায় ফরাসিরা। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা ফ্রান্সের এখনো বহুদূর যেতে হবে বলে মনে করেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড লিখেছেন, ‘প্রথম দিন থেকে অগাধ বিশ্বাস রাখায় আমার সকল সতীর্থ, স্টাফ এবং এফএফএফকে (ফ্রান্স ফুটবল ফেডারেশন) ধন্যবাদ। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। চালিয়ে যাও। এখনো অনেক কিছু করা বাকি।’ বাক্যটা শেষ করেছেন নীল, সাদা ও লাল রঙের তিনটি লাভ ইমোজির পর ফ্রান্স ফুটবল দল লিখে।

‘এখনো অনেক কিছু করা বাকি’র অর্থ অনেক রকম হতে পারে। সর্বশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপ ফাইনালে এমবাপ্পে হ্যাটট্রিক করলেও ধ্রুপদী সেই ফাইনালে টাইব্রেকারে ফ্রান্স হেরেছিল আর্জেন্টিনার কাছে। আগেরবারের সেই দুঃখ ঘুচিয়ে এবার ১৯ জুলাই নিউ জার্সির ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরার ইচ্ছাই হয়তো প্রকাশ করেছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ফুটবলে ৫৮ গোলের পর এফএফএফের কাছ থেকে পাওয়া ‘৫৮ নম্বর জার্সি’ হাতে নিয়ে এমবাপ্পে গত রাতে ফেসবুকে ছবি দিয়েছেন। শিরোপা উঁচিয়ে ধরার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডটা আরও সমৃদ্ধ করার ইচ্ছাও হয়তো প্রকাশ করতে চেয়েছেন ‘এখনো অনেক কিছু করা বাকি’ বলে। ফুটবল বিশ্বকাপে এখন তাঁর গোল ১৪। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তিনে এখন এমবাপ্পে ও জার্মানির জার্ড মুলার। এই তালিকায় যৌথভাবে শীর্ষে থাকা লিওনেল মেসি ও জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা উভয়ের গোল ১৬। দুইয়ে থাকা রোনালদো নাজারিও বিশ্বকাপে করেছেন ১৫ গোল।

নিউ জার্সিতে পরশু রাতে মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন এমবাপ্পে। তবে কানসাস সিটিতে গতকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি ভাগ বসালেন ক্লোসার রেকর্ডে। এবার মেসির সঙ্গে এমবাপ্পের যে জমজমাট লড়াই হবে, সেটার ইঙ্গিত পাওয়া গেল বিশ্বকাপ শুরুর এক সপ্তাহের মধ্যেই।

২২ জুন ফিলাডেলফিয়ায় ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ নরওয়ে। ২৬ জুন বোস্টনে হবে ফ্রান্স-নরওয়ে ম্যাচ। আর আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচই হবে ডালাসে। লিওনেল স্কালোনির দল ২২ ও ২৮ জুন খেলবে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত