Ajker Patrika

টানা ৫১৯ মিনিট গোল খাননি, বিশ্বকাপে ভাঙল ৩৬ বছরের রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৩: ৩৬
টানা ৫১৯ মিনিট গোল খাননি, বিশ্বকাপে ভাঙল ৩৬ বছরের রেকর্ড
স্পেনের গোলবার অক্ষত রেখেছেন উনাই সিমন। ছবি: এএফপি

গোলরক্ষকের কাজই গোল ঠেকানো। তবে কেউ কেউ সেই কাজ করতে করতেই ইতিহাস লিখে ফেলেন। উনাই সিমন ঠিক সেটিই করলেন। লস অ্যাঞ্জেলেসে আজ অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচে গোল হজম না করে বিশ্বকাপের ইতিহাসে টানা সর্বোচ্চ সময় ক্লিন শিট রাখার নতুন রেকর্ড গড়েছেন স্পেনের এই গোলরক্ষক।

বিশ্বকাপে এখন পর্যন্ত টানা ৫১৯ মিনিট কোনো গোল হজম করেননি সিমন। এর মধ্য দিয়ে ভেঙে দিয়েছেন ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর পুরোনো রেকর্ড। ১৯৯০ বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে কোনো গোলরক্ষকের দীর্ঘতম ক্লিন শিটের রেকর্ড। সিংহাসনটা এবার কেেড়ে নিলেন সিমন। তালিকার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটন, যিনি টানা ৫০০ মিনিট গোল হজম করেননি।

সিমনের এই রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপে। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ৫১তম মিনিটে আও তানাকার গোলের পর আর কোনো বল তাঁর জালে জড়ায়নি। এরপর সেই ম্যাচের বাকি সময়, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ১২০ মিনিট এবং ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচ মিলিয়ে টানা ৫১৯ মিনিট অপরাজিত থেকেছেন তিনি।

এতে স্পেনের হয়েও নতুন ইতিহাস গড়েছেন সিমন। এতদিন দেশটির হয়ে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৪৭৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ছিল কিংবদন্তি ইকার কাসিয়াসের দখলে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে গড়া সেই কীর্তিও এখন অতীত। সিমন শুধু কাসিয়াসকেই ছাড়িয়ে যাননি, বিশ্বকাপ ইতিহাসের শীর্ষেও উঠে গেছেন।

বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগ যেমন নজর কেড়েছে, তেমনি তাদের সাফল্যের বড় ভিত্তি হয়ে উঠেছে রক্ষণ। আর সেই রক্ষণের শেষ আস্থার জায়গায় থাকা সিমন প্রমাণ করলেন শিরোপার স্বপ্ন দেখতে হলে গোলরক্ষকের দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত