Ajker Patrika

ইয়ামাল-জাদুতেই কি জাগবে স্পেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ইয়ামাল-জাদুতেই কি জাগবে স্পেন
অনুশীলনে হাস্যোজ্জ্বল লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে তাঁর জ্বলে ওঠার আশায় স্পেন। ছবি: এএফপি

বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে অনেকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখেছেন। ইউরো ২০২৪ জয়ের পর লুইস দে লা ফুয়েন্তের দলটিকে ঘিরে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের সঙ্গে স্পেন গোলশূন্য ড্র করায় সেই প্রত্যাশায় একটা ধাক্কা খেয়েছে। ফলে আজ আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা হলেও চাপে থাকবে লা ফুয়েন্তের দল।

এই চাপ গোল পাওয়ার, এই চাপ জয়ে ফেরার। প্রথম ম্যাচে বরাবরের মতো বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও স্পেন এই নিয়ন্ত্রণের ফায়দা নিতে পারেনি আক্রমণভাগের ব্যর্থতায়। কেপ ভার্দের সংগঠিত রক্ষণ ভাঙতে গিয়ে বারবার হোঁচট খেতে হয়েছে স্প্যানিশদের। এমন অবস্থায় ম্যাচের শেষ দিকে মাঠে নামেন লামিনে ইয়ামাল, আর তাতেই বদলে যেতে শুরু করে খেলার চিত্র।

হ্যামস্ট্রিং চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার এই তরুণ তারকা। পুরোপুরি ফিট নাহওয়ায় তাঁকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নেননি কোচ দে লা ফুয়েন্তে। তবে শেষ ১৫-২০ মিনিটেই ইয়ামাল দেখিয়ে দিয়েছেন কেন তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার বলা হয়। তাঁর গতি, ড্রিবলিং, সৃজনশীলতা এবং ওয়ান টু ওয়ানে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা স্পেনের আক্রমণে নতুন মাত্রা যোগ করে। ছোট জায়গায় ড্রিবলিং, গতি পরিবর্তন আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে বয়সের তুলনায় অনেক বেশি পরিণত ফুটবলার বানিয়েছে। বিশ্বকাপের মঞ্চে এবার সেটাই দেখানোর পালা ইয়ামালের।

সৌদি আরবের বিপক্ষে কি শুরু থেকে মাঠে নামবেন ইয়ামাল? স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, কোচ হয়তো আর ঝুঁকি নিতে চাইবেন না। কারণ প্রথম ম্যাচের পর স্পষ্ট হয়ে গেছে, ইয়ামালকে ছাড়া স্পেনের আক্রমণ অনেকটাই ধারহীন।

তবে সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শারীরিকভাবে শক্তিশালী এবং রক্ষণে শৃঙ্খলাবদ্ধ দলটি দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। স্পেনের রক্ষণকে তাই সতর্ক থাকতে হবে ম্যাচজুড়েই।

বিশ্বকাপের ইতিহাসও স্পেনকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। ২০১০ সালে একমাত্র শিরোপা জয়ের পর বিশ্বকাপ মঞ্চে ধারাবাহিক সাফল্য পায়নি তারা। তাই দ্বিতীয় শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সৌদি আরবের বিপক্ষে জয়টা প্রায় অপরিহার্য। আর সেই জয়ের পথ দেখানোর দায়িত্বটা হয়তো আবারও এসে পড়বে ১৮ বছর বয়সী এক তরুণের কাঁধে। আটলান্টায় স্পেনের সবচেয়ে বড় আশার নাম এখন লামিনে ইয়ামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত