হামজা চাইলেও তাঁর জার্সি নেননি লঙ্কান কোচ

অধিনায়কত্বের অভিষেকটা হামজা চৌধুরীর হয়েছে মনে রাখার মতো। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জাতীয় স্টেডিয়ামে সাফের এই ম্যাচ শেষে তিনি তাঁর জার্সি দিতে চেয়েছিলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরিকে। যদিও সেটা গ্রহণ করেননি প্রতিপক্ষ কোচ।
৪-০ গোলে হারের পর লঙ্কান কোচ মুতাইরি সংবাদ সম্মেলনে বর্ণবাদের অভিযোগ তোলেন। তবে জাতীয় স্টেডিয়াম শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন তিনি। প্রসঙ্গক্রমে লঙ্কান কোচ উল্লেখ করেছেন হামজার কথাও। সাংবাদিকদের শ্রীলঙ্কার কোচ বলেন, ‘হামজা আমাকে বলেছে, ‘আমার জার্সি নিন।’ আমি বলেছি, ‘না, শুধু ফারহানের জার্সি নেব।’’
ভুটানের বিপক্ষে গত ৮ নভেম্বর ২-২ গোলে ড্রয়ের পর রেফারিং নিয়ে অসন্তুোষ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। গতকাল বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের পর লঙ্কান কোচকে জিজ্ঞেস করা হয় রেফারিং নিয়ে। এই প্রশ্নটা অবশ্য এড়িয়ে গেছেন। তবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ তাঁর ভালো লেগেছে। লঙ্কান কোচ বলেন, ‘খুব ভালো ম্যাচ। দুই দলই ভালো খেলেছে।’
জাতীয় স্টেডিয়ামে গতকাল ম্যাচ শেষ হওয়া মাত্রই ফারহান তাঁর জার্সি তুলে দেন মুতাইরির হাতে। বাংলাদেশের তরুণ ফুটবলারের চোখধাঁধানো গোলে রীতিমতো মুগ্ধ তিনি। সংবাদমাধ্যমকে ম্যাচ শেষে বলেন, ‘‘আমি তাকে বললাম, ‘এভাবেই খেলতে থাক। তুমি আগামী ১০ বছরে সাফের সেরা খেলোয়াড় হবে।’ আশা করি কোনো এক দিন আবার তার সঙ্গে দেখা হবে। খুবই ভালো।’’
শ্রীলঙ্কা-ভুটান দুই দলেরই সমান ১ পয়েন্ট। তবে লঙ্কানরা বড় ব্যবধানে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। জাতীয় স্টেডিয়ামে ১৪ নভেম্বর বেলা ৩ টায় হবে ভুটান-ভারত সেমিফাইনাল। সেদিন রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। পাকিস্তান উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে।








-511a4f-256x144.webp)
