‘মেসি-ইয়ামাল নয়, ফারহানকে হতে হবে ফারহানের মতো’

প্রথমবার ঘরের মাঠে খেলতে নেমেই নজর কেড়েছেন ফারহান আলী ওয়াহিদ। শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে চোখধাঁধানো এক গোল করেছেন তিনি। যা নিয়ে হইচই পড়ে গেছে। জামাল ভূঁইয়ার মতে ফারহানকে এখনো অনেক দূর যেতে হবে।
ম্যাচের আগেই শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি বলেছিলেন, ‘আগামী ১০ বছরে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হবে ফারহান।’ জাতীয় স্টেডিয়ামে গতকাল ৫৩ মিনিটে চোখধাঁধানো গোলে সেটারই বাস্তব প্রমাণ দিলেন ফারহান। শমিত সোমের পাস থেকে বক্সের বাইরে বল পেয়েছিলেন ফারহান। এরপর বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে চোখজুড়ানো ড্রিবলিংয়ে একে একে চারজন লঙ্কান ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান এই তরুণ উইঙ্গার। মেসি-ইয়ামালরা ড্রিবলিং করে হরহামেশাই এমন গোল দেন বলে তাঁদের (মেসি-ইয়ামাল) সঙ্গে ফারহানের গোলের তুলনা করছেন নেটিজেনরা। জামাল আজ সকালে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘যারা বাংলাদেশের ভক্ত-সমর্থক আছেন, তাঁরা সবাই বলেন, ‘আমার মেসি, আমার লামিন ইয়ামাল।’ কিন্তু আমি চাই সে নিজের নাম বড় করবে।’’
জামালের মতে ফারহান নিজের পরিচয় তৈরি করে ফেললে তাঁকে অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে হবে না। আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার বলেন, ‘আমি চাই ফারহান নিজের নাম বড় করুক। তাকে অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে হবে না। এটা ফারহান আলীর গোল মানে অন্য খেলোয়াড়ের গোল না। এটা ফারহান আলীর গোল।’
শ্রীলঙ্কা-ভুটান দুই দলেরই সমান ১ পয়েন্ট। তবে লঙ্কানরা গতকাল বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। জাতীয় স্টেডিয়ামে ১৪ নভেম্বর বেলা ৩ টায় হবে ভুটান-ভারত সেমিফাইনাল। সেদিন রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। পাকিস্তান উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে।







-702c72-256x144.webp)

