Ajker Patrika

‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’

ক্রীড়া ডেস্ক    
‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’
অল্প সময়েই মন জয় করেছেন পাস। তাঁর মাঝে মেসি-ম্যারাডোনার ছায়া দেখছেন অনেকেই। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাসের প্রতিভায় মুগ্ধ হুয়ান সেবাস্তিয়ান ভেরন। কোমোর এই অ্যাটাকিং মিডফিল্ডারের খেলার ধরন, ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণের প্রশংসা করতে গিয়ে আর্জেন্টিনার দুই কিংবদন্তি লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার কথা টেনেছেন সাবেক এই মিডফিল্ডার।

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে পাসের প্রশংসা করেন ভেরন। এই ফুটবলারের সামর্থ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘২২ বছর বয়সে এমন কিছু করতে আমি কেবল মেসি ও এক নির্দিষ্ট দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকেই দেখেছি।’

তবে মেসি ও ম্যারাডোনার সঙ্গে পাসের সরাসরি তুলনা করতে চান না ভেরন। তাঁর মতে, ওই দুই কিংবদন্তির পর্যায়ে পৌঁছাতে হলে একজন ফুটবলারকে অসাধারণ হতে হবে এবং নিজেকে সময়ের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবে পাসের সেই পথে এগিয়ে যাওয়ার মতো গুণ রয়েছে।

ভেরন বলেন, ‘যদি সে এখনকার মতো পেশাদার আচরণ চালিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’

পাসের মাঠের ব্যক্তিত্ব ও স্বাভাবিক ফুটবলীয় দক্ষতাই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভেরনকে। প্রতিপক্ষের কঠোর মার্কিংয়ের মধ্যেও সতীর্থরা তাঁকে বল দেন। কারণ, সতীর্থরা বিশ্বাস করেন কঠিন পরিস্থিতিতে ড্রিবলিং করে বেরিয়ে আসার সামর্থ্য রয়েছে পাসের। মাঠে তাঁর উপস্থিতি, জায়গা বুঝে চলাফেরা ও খেলা পরিচালনার দক্ষতাও পাসকে আলাদা করেছে।

নিজের খেলোয়াড়ি জীবনের সঙ্গে পাসের তুলনা টেনে ভেরন বলেন, ‘আমি স্বীকার করছি, নিকো পাজ যেন ২০ মিটার এগিয়ে থাকা ভেরন। শট নেওয়া, গোল করা, অ্যাসিস্ট কিংবা থ্রু বল বাড়ানোর ক্ষেত্রে সে স্বাধীন।’

তরুণ ফুটবলারদের ঘিরে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করার বিষয়েও সতর্ক করেছেন ভেরন। এ ক্ষেত্রে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির অবস্থানের সঙ্গে একমত তিনি। ম্যারাডোনা কিংবা তারও আগে ওমার সিভোরির সঙ্গে তুলনা করতে গিয়ে আর্জেন্টিনার অনেক প্রতিভাবান প্লে-মেকার চাপের মুখে নিজেদের সম্ভাবনা হারিয়েছেন বলে মনে করেন সাবেক এই ফুটবলার, ‘তাদের শান্ত থাকতে দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কিছুটা ভাগ্যেরও প্রয়োজন।’

আর্জেন্টিনার আরেক তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে নিয়েও কথা বলেছেন ভেরন। তার ড্রিবলিং, গতি ও কারিগরি দক্ষতার প্রশংসা করলেও পাসের তুলনায় তাঁকে বিকাশের অপেক্ষায় থাকা ফুটবলার হিসেবে দেখছেন। ফিওরেন্তিনায় মাস্তানতুয়োনোর নিয়মিত খেলার সুযোগ তার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করেন তিনি।

‘তার অসাধারণ কিছু গুণ আছে। সে সহজেই ড্রিবল করতে পারে, দ্রুতগতির এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দারুণ গতি আছে। তবে নিকো পাজের তুলনায় সে এখনো কিছুটা কম পরিণত। এটা স্বাভাবিক, কারণ তার জন্ম ২০০৭ সালে, পাজের চেয়ে সে তিন বছরের ছোট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত