Ajker Patrika

চাপ এড়াতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছেন ব্রাজিলের ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ জুন ২০২৬, ১৭: ৪৬
চাপ এড়াতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছেন ব্রাজিলের ফুটবলাররা
মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ছবি: সংগৃহীত

প্রতি বিশ্বকাপেই ফেবারিটের তকমা থাকে ব্রাজিলের গায়ে। যেটা সেলেসাওদের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলে। উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে বাড়তি প্রত্যাশা বা চাপ এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূর থাকছেন ব্রাজিলের ফুটবলাররা।

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আজ দিবাগত রাতে বিশ্বকাপ শুরু হবে। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৪ জুন। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শুরুর আগে সংবাদ সম্মেলেন নিজেদের পরিকল্পনা, শক্তি, লক্ষ্যসহ আরও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া।

এবারের বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট কি না—এমন প্রশ্নের জবাবে রাফিনিয়া বলেন, ‘আমি কোনো খবরই অনুসরণ করি না। আমার সোশ্যাল মিডিয়া অন্যরা পরিচালনা করে। আমি টিভি দেখি না। তবে আমরা মিথ্যা বলতে পারি না। আমরা জানি তরুণেরা সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে খুবই যুক্ত। এটা এড়ানোর উপায় নেই। অভিজ্ঞ খেলোয়াড়েরা তরুণদের সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতে বলেন, যাতে অতিরিক্ত প্রত্যাশা বা হতাশা তৈরি না হয়। আমরা বাইরের চাপ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করি। দল খুব আত্মবিশ্বাসী। তবে যারা বিশ্বাস করে না, তারা আসলে পুরোপুরি অবিশ্বাসী নয়। আগে অনেক হতাশা এসেছে বলে তারা আবার হতাশ হতে চায় না। কিন্তু গভীরে সবাই জাতীয় দলকে সমর্থন করে এবং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

এর আগে সবশেষ ২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর কাছে হেরেছিল ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলের এবারের বিশ্বকাপ মিশনের শুরুতেই প্রতিপক্ষ সেই মরক্কো। সময়ের স্রোতে আরও পরিণত আফ্রিকান দলটি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রাজিলকে যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা বলা বাহুল্য। তবে রাফিনিয়া জানালেন, কেবল মরক্কো না, সব ম্যাচকেই সমান গুরুত্বের সঙ্গে দেখছে ব্রাজিল।

রাফিনিয়া বলেন, ‘শুধু প্রথম ম্যাচ নয়, শুধু একটিমাত্র দিক নয়, বরং অনেকগুলো বিষয়ই গুরুত্বপূর্ণ। এটি একটি বড় প্রতিযোগিতা, যা খুবই কঠিন। প্রস্তুতির সময়ও কম। এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব মানিয়ে নিতে এবং ভুল কমাতে। মূল লক্ষ্য হলো সংক্ষিপ্ত টুর্নামেন্টে যত কম সম্ভব ভুল করা। আমরা এখনো তাদের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করছি, যাতে তাদের দুর্বল দিকগুলো কাজে লাগাতে পারি। ম্যাচের আগে আমাদের হাতে আরও কিছু দিন আছে। আমরা বিষয়গুলো আরও শাণিত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত