Ajker Patrika

যুদ্ধের ছবি নিয়ে ফিফার আপত্তি, জার্সি বদলাতে বাধ্য হলো হাইতি

ক্রীড়া ডেস্ক    
যুদ্ধের ছবি নিয়ে ফিফার আপত্তি, জার্সি বদলাতে বাধ্য হলো হাইতি
হাইতি জার্সিতে যুদ্ধের আকৃতি। ছবি: এক্স

যুদ্ধের ছবি জার্সিতে রাখা নিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আপত্তির মুখে পড়েছে হাইতি। ফলে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর মাত্র কয়েক দিন আগে জার্সির নকশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খেলা দুটি প্রস্তুতি ম্যাচে হাইতির খেলোয়াড়দের পরনে ছিল বিশেষ এই জার্সি। সেখানে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ব্যাটল অব ভার্তিয়ারেসের’ একটি চিত্রকর্ম এবং হাইতির জাতীয় পতাকা খোদাই করা ছিল। এই যুদ্ধের মাধ্যমেই ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল ক্যারিবীয় দেশটি। গত ২ জুন নিউজিল্যান্ড ও ৫ জুন পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে এই জার্সি পরেই মাঠে নেমেছিলেন ফুটবলাররা। কিন্তু ফিফা এই নকশায় রাজনৈতিক অনুষঙ্গ থাকার অভিযোগে আপত্তি জানালে জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত আসে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জার্সি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে হাইতির কিট প্রস্তুতকারক কলম্বিয়ান প্রতিষ্ঠান সায়েতা। তবে রাজনৈতিক উদ্দেশ্যে এই নকশা করা হয়নি দাবি করে বিবৃতিতে তারা জানায়, ‘সায়েতার পক্ষ থেকে উপস্থাপিত চূড়ান্ত নকশাটি ছিল মূলত হাইতির ভবিষ্যতের জন্য প্রতিদিন অবদান রাখা নারী-পুরুষদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। এটি কোনো রাজনৈতিক বক্তব্য হিসেবে তৈরি করা হয়নি।’

ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে যেকোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় কিংবা ব্যক্তিগত বার্তা ও স্লোগান ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ফিফার এই কঠোর নিয়মের বেড়াজালেই শেষ পর্যন্ত নকশা পরিমার্জন করতে হয়েছে সায়েতাকে।

বিবৃতিতে কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আরও যোগ করে, ‘পর্যালোচনা প্রক্রিয়া চলাকালীন ফিফা সিদ্ধান্ত নেয় যে, তাদের সরঞ্জাম সংক্রান্ত নিয়মাবলীর অধীনে কিছু দৃশ্যমান উপাদান ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে এবং শেষ পর্যন্ত তারা নকশায় পরিবর্তনের অনুরোধ জানায়। যদিও এই ব্যাখ্যাটি আমাদের উদ্দেশ্যের চেয়ে আলাদা ছিল, তবুও সায়েতা এই প্রক্রিয়াকে সম্মান জানিয়েছে এবং ফিফার দেওয়া চূড়ান্ত নির্দেশনাগুলো বাস্তবায়ন করেছে।’

রোববার বোস্টনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ৫২ বছর পর আবারও বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে হাইতি। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ ব্রাজিল ও মরক্কো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত