
আর মাত্র একটি গোল। বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে এই একটি গোলের জন্যই অপেক্ষা থাকবে পুরো ফুটবল-বিশ্বের। অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে লিওনেল মেসির সামনে এখন ইতিহাস গড়ার হাতছোঁয়া দূরত্ব—জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। ৩৮ বছর বয়সেও তাঁর পায়ের জাদু এখনো অটুট, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেই যার প্রমাণ দিয়েছেন তিনি। গোল পেলে এবার জু্স্ত ফতেঁইন আর জাইরজিনিও পাশে বসে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার বিরল কীর্তিতেও নাম লেখাবেন মেসি।
প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অস্ট্রিয়াও বেশ সুবিধাজনক অবস্থানে আছে। তবে আলবিসেলেস্তেদের রুখতে তাদের প্রধান পরিকল্পনাই হচ্ছে মেসিকে আটকে রাখা। অস্ট্রিয়ার ফরোয়ার্ড মিখায়েল গ্রেগোরিচ প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে নিজের মুগ্ধতা লুকিয়ে রাখেননি। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থক ছিলাম, কিন্তু এখন পুরোপুরি নিশ্চিত যে মেসিই সর্বকালের সেরা ফুটবলার। সে খেলাটাকে বদলে দিয়েছে এবং তাঁকে অনুকরণ করা কারও পক্ষে সম্ভব নয়।’
দলটির হেড কোচ রালফ রাংনিকও মেসিকে ‘এক পরম বিস্ময়’ হিসেবে আখ্যা দিয়ে নিজের ডিফেন্ডারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে শুধু মেসিকে নিয়ে পড়ে থাকলে চলবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন। আর্জেন্টিনার মাঝমাঠ যেভাবে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে, তা রুখতে বায়ার্ন মিউনিখের কনরাড লাইমারকে লেফট-ব্যাক থেকে মাঝমাঠে ফিরিয়ে আনার ছক কষছেন রাংনিক।
অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধরনের চোটের ধাক্কা রয়েছে অস্ট্রিয়ার। মিডফিল্ডার ক্রিস্টফ বাউমগার্টনার আগেই ছিটকে গেছেন এবং প্রথম ম্যাচে পেশির চোটে পড়া অভিজ্ঞ ডিফেন্ডার ডেভিড আলাবার খেলা নিয়েও রয়েছে সংশয়। তবে জর্ডানের বিপক্ষে ম্যাচে চোয়াল ভাঙার পরও বিশেষ মাস্ক পরে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত স্টেফান পশ।
কানসাসের ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার’-এ শেষ মুহূর্তের রুদ্ধদ্বার অনুশীলনে অস্ট্রিয়ার চিরচেনা ‘হাই-প্রেসিং’ ফুটবল ভাঙার নীলনকশা তৈরি করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। হ্যামস্ট্রিংয়ের সামান্য চোট কাটিয়ে ফুলব্যাক গনসালো মন্তিয়েল অনুশীলনে ফিরলেও ঝুঁকি না নিয়ে তাঁকে সাইড বেঞ্চে রেখে রাইটব্যাকে নাউয়েল মোলিনাকে খেলানো একপ্রকার নিশ্চিত।
তবে স্কালোনির আসল চিন্তা আক্রমণভাগের দুটি পজিশন নিয়ে। অস্ট্রিয়ার ডিফেন্স লাইনের পেছনের ফাঁকা জায়গাগুলো দ্রুতগতিতে কাজে লাগাতে থিয়াগো আলমাদার জায়গায় গতিময় উইঙ্গার নিকোলাস গনসালেস এবং লাউতারো মার্তিনেসের পরিবর্তে হুলিয়ান আলভারেসকে শুরুর একাদশে খেলানোর কৌশলগত দ্বিধায় আছেন তিনি।
আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমার প্রতিপক্ষকে সমীহ করে বলেন, ‘অস্ট্রিয়া খুব কঠিন দল। আলজেরিয়ার চেয়ে তাদের খেলার ধরন আলাদা, তাদের খেলোয়াড়েরা শারীরিকভাবে বেশ শক্তিশালী। ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না।’
ইতিহাস অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। ইউরোপীয় দলগুলোর বিপক্ষে শেষ আটটি বিশ্বকাপ গ্রুপ ম্যাচের মাত্র একটিতে হেরেছে আলবিসেলেস্তেরা। অপরদিকে ১৯৭৮ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারানোর পর গত ৪৮ বছরে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পারেনি অস্ট্রিয়া। ডালাসের কড়া রোদে একদিকে যেমন স্কালোনির পজেশন ফুটবলের সঙ্গে রাংনিকের প্রেসিং কৌশলের টক্কর হবে, তেমনি আরেক দিকে ফুটবল বিশ্ব চাতক পাখির মতো তাকিয়ে থাকবে লিওনেল মেসির অমরত্ব ছোঁয়ার নতুন এক ইতিহাসের দিকে।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। একঝাঁক রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। ‘রেকর্ডের বরপুত্র’কে দেখতে যেন ভক্ত-সমর্থকদের তর সইছে না। তবে মাঠে নামার আগেই অন্য রূপে আবির্ভূত হলেন আর্জেন্টাইন অধিনায়ক।
১৮ মিনিট আগে
গ্যালারিতে দর্শকেরা যখন ঠিকমতো বসতেও পারেননি, সেই মুহূর্তে গোল করে আলোচনায় আসেন প্যারাগুয়ের মাতিয়াস গালারসা। গোল ছাড়াও অন্য এক ঘটনায় এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন। মাঠেই রেফারির ঘড়ি ‘মেরে দেওয়ার’ ঘটনায় ভাইরাল প্যারাগুয়ের এই মিডফিল্ডার।
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে চমক তো একেবারে কম হচ্ছে না। এই তো কয়েক ঘণ্টা আগে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করল নবাগত কেপভার্দে। এই কেপভার্দেই কদিন আগে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ড্র করেছিল। আজ ভ্যাঙ্কুভারে মিসরের বিপক্ষে তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল নিউজিল্যান্ড। যদিও সেটা ছিল সাময়িক সময়ের জন্য।
২ ঘণ্টা আগে
কেন লিওনেল মেসি আর্জেন্টিনা দলের প্রাণভোমরা, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা আবর্তিত হয় তাঁকে ঘিরেই। আর ভক্ত-সমর্থকেরাও মেসিকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সংবাদ সম্মেলনও হয়ে ওঠে মেসিময়। যদিও এবার তাঁর প্রসঙ্গে একটা প্রশ্ন করা হতেই খেপে গেলেন আর্জেন্টিনা কোচ
৩ ঘণ্টা আগে