Ajker Patrika

দোরিয়েলতনের হ্যাটট্রিকে ফেডারেশন কাপ জিতে কিংসের ট্রেবল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ মে ২০২৬, ১৯: ৫৫
দোরিয়েলতনের হ্যাটট্রিকে ফেডারেশন কাপ জিতে কিংসের ট্রেবল
হ্যাটট্রিক করেছেন দোরিয়েলতন। ছবি: বাফুফে

ভেন্যু নিয়ে অন্তহীন জলঘোলা, ম্যাচ বাতিলের আবেদন —ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে মাঠের বাইরে নাটকীয়তার কমতি ছিল না। সব বিতর্কের অবসান ঘটিয়ে কিংস অ্যারেনার সবুজ গালিচায় রচিত হলো দারুণ এক লড়াই। আক্ষরিক অর্থে ফাইনালের মতোই এক ফাইনালের দেখা মিলল।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেসের জাদুকরী হ্যাটট্রিকে ৩-২ ব্যবধানে ফেডারেশন কাপের শিরোপা জিতে নিল বসুন্ধরা কিংস। এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধু শিরোপা ধরে রাখেনি, একই মৌসুমে চ্যালেঞ্জ কাপ, বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের ট্রফি বাগিয়ে গড়েছে ‘ট্রেবল’ জয়ের অনন্য কীর্তি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে দুবার ট্রেবল জয়ের স্বাদ পেল তারা।

যে মাঠে খেলতে আপত্তি ছিল, সেই কিংস অ্যারেনাতেই ম্যাচের পঞ্চম মিনিটে মোহামেডানকে উল্লাসে ভাসান মুজাফফরভ মুজাফফর। বক্সের খানিকটা সামনে থেকে তাঁর নেওয়া দর্শনীয়, কোনাকুনি ফ্রি কিকটি কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের কিছুই করার ছিল না।

তবে সেই গোল হজম করে দমে যায়নি কিংস। পরের মিনিটেই বক্সের ভেতর স্যামুয়েল রাকসামকে শাকিল আহাদ তপু ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মোহামেডানের জোরালো আপত্তির মুখে খানিকটা সময় পেরিয়ে ম্যাচের নবম মিনিটে স্পটকিক থেকে কিংসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেস।

তবু হাইপ্রেসিং ফুটবলে মোহামেডান ব্যতিব্যস্ত করে রাখে কিংসের রক্ষণ। ফল হিসেবে ২২ মিনিটে আদায় করে নেয় পেনাল্টি। বক্সের ভেতর সাফিউল হাসানকে ফাউল করেন তপু বর্মণ। স্পটকিক নেন মুজাফফর, তবে এবার তাঁর শট দুর্দান্ত দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। পেনাল্টি মিসের হতাশা ভুলে ৩৪ মিনিটে আবারও লিড নেয় সাদা-কালোরা। জাহিদ হাসান শান্তর নিখুঁত কাটব্যাকে পা ছুইয়ে বল জালে পাঠান সৌরভ দেওয়ান। আসরে এটি তাঁর সপ্তম গোল।

এগিয়ে গিয়ে মোহামেডান উজ্জীবিত থাকলেও দোরিয়েলতনকে ফাঁকায় রাখছিল বারবার। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। সেই হতাশা মেটাতে অবশ্য বেশি সময় নিলেন না। বিরতির পর ৫০ মিনিটে রাকিবের কাছ থেকে পাওয়া থ্রু বল কাজে লাগাতে আর কোনো ভুল করেননি। একা পেয়ে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনকে পরাস্ত করে ম্যাচে আনেন সমতা।

সমতা ফেরার পর কিংসের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে পড়ে মোহামেডানের ডিফেন্স। ম্যাচের ৭৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত; মোহামেডানের রক্ষণভাগকে বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি কিংসকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান গোলমেশিন।

দারুণ এই গোলের পর আর আবেগ ধরে রাখতে পারেননি দোরিয়েলতন। গা থেকে জার্সি খুলে বুনো ও ভিন্ন রকম এক উদ্‌যাপনে মাতেন তিনি। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে আসরে নিজের গোল সংখ্যাকে ১২-তে নিয়ে গেলেন দোরিয়েলতন, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই কিংস অ্যারেনায় শুরু হয় কিংসের ঐতিহাসিক ট্রেবল উৎসব। ফেডারেশন কাপে এটি তাদের হ্যাটট্রিক ও সবমিলিয়ে পঞ্চম শিরোপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত