
হলিউডের কোনো নামী চিত্রনাট্যকারও হয়তো এমন এক চিত্রনাট্য লেখার কথা কল্পনা করতে পারতেন না। ঠিক ৪০ বছর আগে, মেক্সিকোর ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে খেলোয়াড় হিসেবে একে অপরের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। চার দশক পর সেই একই ভেন্যুতে, একই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আবারও দেখা হচ্ছে তাঁদের। তবে এবার আর ফুটবল পায়ে সবুজ ঘাসে নয়, ডাগআউটে কৌশলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন মেক্সিকোর কোচ হাভিয়ের আগিরে এবং দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি এই দুই কোচের হাত ধরে ফিরিয়ে আনছে ১৯৮৬ বিশ্বকাপের এক মধুর স্মৃতি।
সেই বিশ্বকাপে আসতেকা স্টেডিয়ামে যখন মেক্সিকো ও বেলজিয়াম মুখোমুখি হয়েছিল, তখন মেক্সিকোর মাঝমাঠ সামলানোর দায়িত্বে ছিলেন আগিরে। আর ব্রুস সামলেছিলেন বেলজিয়ামের রক্ষণভাগ। সেই ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল।
চার দশক পর দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্বে থেকে ব্রুস নিজেই যেন রোমাঞ্চিত। এএফপিকে তিনি বলেন, ‘হলিউডের কেউও এর চেয়ে ভালো চিত্রনাট্য লিখতে পারতেন না। আমি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিলাম এবং চার দশক পর, আমি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম প্রধান কোচ হিসেবে উপস্থিত হতে যাচ্ছি।’
স্বাগতিক মেক্সিকোর কোচ আগিরেও ম্যাচটির আগে বেশ আবেগপ্রবণ। কাকতালীয়ভাবে প্রতিপক্ষ কোচের সঙ্গে মাঠের সেই পুরোনো লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বেলজিয়াম শক্তিশালী দল হওয়া সত্ত্বেও আমাদের মনে হয়েছিল ম্যাচটি আমাদের জন্য খারাপ হবে না। আর কাকতালীয়ভাবে, দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বর্তমান কোচ সেই ম্যাচে খেলেছিলেন।’
আসতেকা স্টেডিয়ামের ৮৫ হাজার মেক্সিকান সমর্থকের তৈরি করা গর্জন নিয়ে মোটেও চিন্তিত নন দক্ষিণ আফ্রিকার বেলজিয়ান কোচ হুগো ব্রুস। নিজের খেলোয়াড়দের উদ্দেশ্যে তাঁর পরিষ্কার বার্তা—গ্যালারির মেক্সিকানরা শুধু চিৎকার আর গানই গাইতে পারবেন, মাঠে এসে খেলবেন না। গ্যালারির শোরগোলকে পাত্তা না দিয়ে ফুটবলাররা যদি নিজেদের মূল পরিকল্পনা বা গেম প্ল্যানে মনোযোগ ধরে রাখতে পারেন, তবে আফ্রিকান পরাশক্তিরা মেক্সিকোর মাঠ থেকেই ভালো ফল নিয়ে ফিরতে পারবে বলে বিশ্বাস ব্রুসের।
ঘরের মাঠের গ্যালারি ভর্তি দর্শক তাঁদের সবচেয়ে বড় শক্তি। ফুটবলারদের শান্ত থেকে ইতিবাচক শুরুর তাগিদ দিয়ে আগিরে বলেন, ‘আমি যা শিখেছি তা হলো খেলোয়াড়দের মধ্যে এই আত্মবিশ্বাস ছড়িয়ে দেওয়া যে দিনটি আমাদের হতে পারে, সমর্থকেরা আমাদের সঙ্গেই থাকবেন। এটি এমন এক উদযাপন যা আগামী কয়েক দশক ধরে টিকে থাকবে। আমরা ইতিবাচকভাবে এবং শান্ত থেকে শুরু করতে চাই। আমাদের অনেকের জন্যই এটি একটি ঐতিহাসিক দিন হতে পারে, কারণ এই ছেলেদের পক্ষে মেক্সিকোর মাটিতে আরেকটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা পাওয়া কঠিন।’
বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে বিশ্বকাপের।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে আইসিসি। ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে আইসিসির এই ইভেন্ট।
২৩ মিনিট আগে
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে বিশ্বকাপের কয়েকটি উচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচের সময় ১৬ বছরের কম বয়সীদের জন্য রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় উদযাপনকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এই ম্যাচ শুরুর আগেই আলোচনায় মেক্সিকোর গিলবের্তো মোরা।
১ ঘণ্টা আগে
বিবৃতিতে কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আরও যোগ করে, ‘পর্যালোচনা প্রক্রিয়া চলাকালীন ফিফা সিদ্ধান্ত নেয় যে, তাদের সরঞ্জাম সংক্রান্ত নিয়মাবলীর অধীনে কিছু দৃশ্যমান উপাদান ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে এবং শেষ পর্যন্ত তারা নকশায় পরিবর্তনের অনুরোধ জানায়। যদিও এই ব্যাখ্যাটি আমাদের উদ্দেশ্যের চেয়ে আলা
২ ঘণ্টা আগে