‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’

প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল ছুড়ে মারার ঘটনায় লিওনেল মেসিকে নিয়ে হচ্ছে সমালোচনা। রেফারি তাঁকে হলুদ কার্ড দেখালেও এই সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকে। এমনকি আর্জেন্টাইন ফুটবলারের কী শাস্তি হওয়া উচিত ছিল, তা নিয়েও অনেকে সন্দিহান।
বাংলাদেশ সময় গতকাল ভোরে মেজর লিগ সকালে মুখোমুখি হয়েছে কলম্বাস ক্রু ও ইন্টার মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্রুত থ্রো-ইন নেওয়ার চেষ্টা করছিলেন মেসি। এ সময় তাপিয়া বাধা দিয়ে বলটি আটকে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মেসি বলটি তাপিয়ার মুখে ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন চিলির এই ফুটবলার। এক হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। ম্যাচ শেষে তাপিয়া জানিয়েছেন, যা হওয়ার তা ম্যাচেই হয়ে গেছে।
মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি অ্যালেন চ্যাপম্যান। মেসি শাস্তি পেয়েছেন অসদাচরণের কারণে। আর তাপিয়া খেলা পুনরায় শুরু করতে বাধা দেওয়ায় শাস্তি পেয়েছেন। এ ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হস্তক্ষেপ করেনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকর্মীরা তাপিয়ার কাছে এ ব্যাপারে প্রশ্ন করেন। কলম্বাস ক্রুর ফরোয়ার্ড বলেন, ‘এটা খেলার মধ্যেই ঘটে যাওয়া একটা ঘটনা। মেসিরটা লাল কার্ডের মতো অপরাধ ছিল কি না, জানি না। আমি তো আর রেফারি নই যে এ বিষয়ে সিদ্ধান্ত দেব। এটা খেলারই একটা অংশ ছিল। আর বিষয়টা সেখানেই শেষ।’
ঘটনা সামাল দিতে রেফারি মেসি, তাপিয়াকে হলুদ কার্ড দেখালেও সেটা মানতে পারেননি কলম্বাস ক্রুর কোচ লরা কোর্তোয়া। এমএলএস কর্তৃপক্ষ এটা কি পুনর্বিবেচনা করে দেখবে—এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে কোর্তোয়ার কণ্ঠে ঝরেছে ক্ষোভ। কলম্বাস কোচ বলেন, ‘সবাই জানেন যে এটা শুধু হলুদ কার্ড দেখানোর মতো ঘটনা ছিল না।’
এমএলএস ডিসিপ্লিনারি কমিটির হাতে মাঠের কিছু ঘটনার পুনর্বিবেচনা করার ক্ষমতা রয়েছে। ফলে রেফারির দেওয়া শাস্তির বাইরেও অতিরিক্ত শাস্তি দিতে পারে কমিটি। রেফারি চ্যাপম্যান ঘটনাটিকে সহিংস আচরণ হিসেবে বিবেচনা না করায় মেসি খেলা চালিয়ে গেছেন।তবে ডিসিপ্লিনারি কমিটি যদি তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, তাহলে পরবর্তী ম্যাচে অধিনায়ক ও দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই খেলতে হবে ইন্টার মায়ামিকে।
নু স্টেডিয়ামে গতকাল মেসির জন্য অম্লমধুর এক দিনই বলা চলে। মেজর লিগ সকারে (এমএলএস) টানা দুই মৌসুম সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন ইতিহাস গড়েছেন মেসি। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন তিনি। আবার ম্যাচে হলুদ কার্ড যেমন দেখেছেন, তেমনই তাঁর দল ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে। কলম্বাসের তাপিয়া জোড়া গোল করেছেন। অপর গোল করেছেন তাহা হাবরোন। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ফের মুখোমুখি হবে কলম্বাস-মায়ামি। এই ম্যাচ হবে কলম্বাস ক্রুর মাঠ স্কটস মিরাকল-গ্রাউন্ডে।










-6de71a-256x144.webp)
