Ajker Patrika

আরও একটি গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক    
আরও একটি গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
টানা দ্বিতীয়বার সর্বোচ্চ গোলদাতা হলেন এই ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) টানা দুই মৌসুম সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে প্লে অফের ম্যাচ শুরুর আগে এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন ইন্টার মায়ামির সহমালিক জর্জ মাস। টানা দুই মৌসুম গোল্ডেন বুট জিতে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

এ মৌসুমে গোলের দিক থেকে মেসির ধারেকাছে ছিলেন না অন্যরা। ২৬ গোল নিয়ে শীর্ষে থাকা মেসির পেছনে দ্বিতীয় স্থানে ছিলেন এফসি ডালাসের পেতার মুসা। তাঁর গোলসংখ্যা ২২। ২১ গোল করে তৃতীয় হয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ।

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও ১৭টি গোল করিয়েছেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি, যা এ মৌসুমে লিগের সর্বোচ্চ। প্রতি ম্যাচে গোলের গড়েও সবার ওপরে ছিলেন আর্জেন্টাইন তারকা, ০.৮৪।

এমএলএসে এর আগে পাঁচজন ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জিতেছেন। তবে কেউ টানা দুই মৌসুম এই পুরস্কার জিততে পারেননি। মেসির আগে একাধিকবার গোল্ডেন বুট জেতা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন প্রেকি, টেলর টোয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ানডোলস্কি ও ব্র্যাডলি রাইট ফিলিপস।

গত মৌসুমেও গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন মেসি। ২০২৫ সালে ২৯ গোল করে প্রথমবার এমএলএসের গোল্ডেন বুট জেতেন এলএমটেন। পাশাপাশি ১৯টি অ্যাসিস্টও করেছিলেন। সেই মৌসুমে টানা দ্বিতীয়বার লিগের এমভিপি পুরস্কারও জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

এবারও এমভিপি হওয়ার দৌড়ে আছেন মেসি। টানা তৃতীয়বারের মতো এই পুরস্কারের মনোনয়ন পেয়েছেন তিনি। ২০২৪ ও ২০২৫ সালে সেরা হওয়ার পর এবারও এমভিপি জিতলে এমএলএসের ব্যক্তিগত পুরস্কারের ইতিহাসে আরও বড় জায়গা করে নেবেন এই তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত