Ajker Patrika

প্রতিপক্ষের মুখে বল মেরেও লাল কার্ড দেখেননি মেসি

ক্রীড়া ডেস্ক    
প্রতিপক্ষের মুখে বল মেরেও লাল কার্ড দেখেননি মেসি
এভাবেই তাপিয়ার মুখে বল ছুড়ে মারেন মেসি। ছবি: সংগৃহীত

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মারার ঘটনায় হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি। তবে তাঁকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কুর্তোয়া। ম্যাচটিতে কলম্বাসের কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি।

কলম্বাসের ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া থ্রো ইন নেওয়ার সময় প্রয়োজনীয় দূরত্বে সরে না দাঁড়ানোয় মেসি দ্রুত বল ছুড়ে মারেন তাঁর মুখে। প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে ঘটনাটি। রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান।

তবে মেসিকে লাল কার্ড দেখানো হলে পরবর্তী ম্যাচে অন্তত এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হতো তাঁকে। রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কলম্বাস কোচ কুর্তোয়া।

ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সবাই জানে, ওই ঘটনায় হলুদ কার্ডের চেয়েও বেশি কিছু দেখানো উচিত ছিল।’

ঘটনাটি নিয়ে এমএলএস কর্তৃপক্ষের পর্যালোচনা করা উচিত কি না, জানতে চাইলে কুর্তোয়া পুরো বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন। ম্যাচে কলম্বাসের হয়ে দুটি গোল করা তাপিয়া অবশ্য রেফারির সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, ‘এটা ম্যাচের একটি ঘটনা। লাল কার্ড ছিল কি না, আমি জানি না। এ বিষয়ে বলার জন্য আমি রেফারি নই। বিষয়টি এখানেই থাক।’

ইন্টার মায়ামির কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেজও রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলেননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাকে পরিস্থিতি নিয়ে ভাবতে হবে। কার্ডের সিদ্ধান্ত খুব বেশি কিছু পরিবর্তন করে না। রেফারি হলুদ কার্ড দেখেছেন, সেটাই সিদ্ধান্ত। আমরা রেফারিকে দোষ দিতে পারি না। কখনো তাঁরা ভুল করেন, কখনো করেন না। আমাদের এসব সিদ্ধান্ত মেনে নিতে হয়।’

২০২৬ সালের এমএলএস কাপজয়ী মায়ামি এবার প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় রয়েছে। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নিয়ে প্লে অফে উঠলেও প্রথম ম্যাচেই কলম্বাসের কাছে ৩-০ গোলে হেরেছে তারা।

প্লে অফে টিকে থাকতে আগামী শুক্রবার কলম্বাসের মাঠে জিততেই হবে মায়ামিকে। তা না হলে নু স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ খেলার সুযোগ পাবে না তারা। শেষ হবে প্লে অফ অভিযানও।

মায়ামির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ও মিডফিল্ডার কাসেমিরো স্বীকার করেছেন, এমন পরিস্থিতিতে চাপ থাকাটাই স্বাভাবিক, ‘চাপ? অবশ্যই চাপ আছে। ইন্টার মায়ামি সব সময় জয়ের জন্য খেলে। আমরা জানি, পরের ম্যাচে হারলে বিদায় নিতে হবে। এটাই চাপ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত