Ajker Patrika

‘মেসি শেষ ম্যাচে হাসবেন, এটাই আমার চাওয়া’

ক্রীড়া ডেস্ক    
‘মেসি শেষ ম্যাচে হাসবেন, এটাই আমার চাওয়া’
এমিলিয়ানো মার্তিনেস, লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে চার শিরোপা জিতেছেন। ছবি: এএফপি

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।

বেনিনের বিপক্ষে মনুমেন্তালে পরশু বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। এই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। মনুমেন্তালে থাকা ভক্ত-সমর্থকেরা তো বটেই, পুরো ফুটবল বিশ্ব তখন টিভি সেটের সামনে বসে দেখবেন বিশ্বজয়ী ফুটবলারের ‘লাস্ট ড্যান্স’। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বলেন, ‘আমরা চেষ্টা করব, যাতে তিনি যতটা সম্ভব এই সময়টা উপভোগ করতে পারেন। মঙ্গলবার (আর্জেন্টিনার স্থানীয় সময়) তাকে হাসতে দেখতে চাই।’

২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে চার শিরোপা জিতেছেন মেসি। এই চার শিরোপা জয়ে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেসের অবদানও কোনো অংশে কম নয়। প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল প্রতিহত করেছেন। টাইব্রেকারে তিনি হয়ে ওঠেন বাজপাখি। বিশেষ করে যে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন, সেই ফাইনালের একটা মুহূর্ত নিশ্চয়ই মনে থাকার কথা। অন্তিম মুহূর্তে ফ্রান্সের ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানির নিশ্চিত গোল বাঁ পা দিয়ে ঠেকিয়ে দেন মার্তিনেস।

মেসির সঙ্গে এত স্মরণীয় মুহূর্ত শেয়ার করতে পেরেছেন দেখে নিজেকে সৌভাগ্যবান মনে করেন মার্তিনেস। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘তাকে যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করেছি। সেটা তিনি জানে। আমরা সব সময় এ নিয়ে কথা বলি। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা পাওয়া। কারণ, তিনি ইতিহাসের সেরা খেলোয়াড। আমিও এই ইতিহাসের অংশ হতে পেরেছি।’

আর্জেন্টিনার হয়ে আর বেশি অনুশীলনের সুযোগ পাবেন না মেসি। বিশ্বজয়ী এই ফুটবলারের সঙ্গে শেষ মুহূর্তটা যত সম্ভব, উপভোগ করেত চান তাঁর সতীর্থরা। মার্তিনেস বলেন, ‘আমরা কথা বলব। তিনি রোববার রাতে আসছেন। আমরা অনুশীলন মাঠে বারবিকিউ করব।’ আর্জেন্টিনার হয়ে শেষ অনুশীলন করতে এরই মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি।

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি তাঁর আন্তর্জাতিক ফুটবলে ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে।

এবারের ফিফা উইন্ডোতে মেসিকে ছাড়াই দুই ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মনুমেন্তালে আর্জেন্টিনা-বেনিন যে ম্যাচটা শুরু হবে, সেটা তাঁর আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ। তাঁর বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরুর পর সার্ভার ক্র্যাশ করা, ৯০ মিনিটে টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। বোঝাই যাচ্ছে, তাঁর বিদায়ী ম্যাচ ঘিরে কী উন্মাদনা কাজ করছে। বুরকিনা ফাসোকে গতকাল ৭-০ গোলে হারানোর পর কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, তাঁর (মেসি) বিদায়ী ম্যাচে পাঁচ মনুমেন্তালও যথেষ্ট নয়। গতকাল আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ মনুমেন্তালেই হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত