৫৩ লাল কার্ডে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের ফুটবলের বিশ্ব রেকর্ড

লাতিন আমেরিকার ফুটবলে সহিংসতা নতুন কিছু নয়। ঘরোয়া ফুটবল তো বটেই, এমনকি কোপা আমেরিকার মতো টুর্নামেন্টও এর ব্যতিক্রম নয়। এবার ব্রাজিলের ফুটবলে এমন ঘটনা ঘটল, তা পেছনে ফেলেছে আর্জেন্টিনার এক ম্যাচকেও। একটি-দুটি নয়, এক ম্যাচে দেখা গেল ৫৩ লাল কার্ড।
ব্রাজিলের মিনাস গেরাইসে রাজ্য চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-২০ পর্যায়ে গত রোববার উবেরলান্দিয়া-মামোরে ম্যাচে দেখা গেছে ৫৩ লাল কার্ড। তাতে ১৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙে এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। এর আগে এক ফুটবলে সর্বোচ্চ ৩৬ লাল কার্ড দেখা গিয়েছিল। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পঞ্চম বিভাগের সেই ম্যাচে ক্লাব আতলেতিকো ক্লাইপোলে-ভিক্টোরিও আরেনাস ম্যাচে।
৫৩ লাল কার্ডের উবেরলান্দিয়া-মামোরে ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ফার্নান্দো প্যাত্রিক মোদেস্তে। মামোরে ৩-১ গোলে জয়ের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়-স্টাফরা। রেফারি বের করতে থাকেন একের পর এক কার্ড। তাঁর প্রতিবেদন অনুযায়ী, দুই দল মারামারিতে জড়ানোর ঘটনায় ৪০ খেলোয়াড় ও ৮ স্টাফকে লাল কার্ড দেখান রেফারি ফার্নান্দো প্যাট্রিক মোদেস্তে।
লাল কার্ড দেখানোর ঘটনা শুধু মারামারিতেই সীমাবদ্ধ থাকেনি। এর আগেই তিন খেলোয়াড়কে দেখানো হয় লাল কার্ড। উবেরলান্দিয়ার দুই বোর্ড সদস্যকেও দেখানো হয় লাল কার্ড। সব মিলিয়ে দুই দলের ৪৩ খেলোয়াড়, ৮ কোচিং স্টাফ এবং ২ ক্লাব অফিশিয়াল দেখেন লাল কার্ড।
রেফারির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশের কাছে করা হয় অভিযোগও। রেফারির ম্যাচ রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের ৯ মিনিটে দেখানো হয় লাল কার্ড। মিনেস গেইরাস ফুটবল ফেডারেশনও এই অভিযোগ তুলেছে।
মোদেস্তের ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গোল উদ্যাপনের সময় মামোরের এক খেলোয়াড় উবেরলান্দিয়া বেঞ্চের দিকে ‘উসকানিমূলক ও আপত্তিকর অঙ্গভঙ্গি’ করেন বলে ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই খেলোয়াড় বলেন, ‘মামোরেন খেলোয়াড়রা নিজের কাজে মন দাও। এখান থেকে চলে যাও।’ উবেরলান্দিয়া কোচিং স্টাফদের এক সদস্য মাঠে দৌড়ে গিয়ে এক খেলোয়াড়কে ধাক্কাও মেরেছেন। যার ফলে মারামারি শুরু হয়ে যায়। দুই দলের স্কোয়াড, কোচিং স্টাফ থেকে বহিষ্কৃত ৪৬ জনের সঙ্গে সেই দুই ব্যক্তিকেও প্রতিপক্ষকে ঘুষি-লাথি মারার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।









