Ajker Patrika

সাফে বাংলাদেশই ফেবারিট, বলছেন হামজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭: ০৪
সাফে বাংলাদেশই ফেবারিট, বলছেন হামজা
অনুশীলনে হামজা চৌধুরী। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপে কোন দল ফেবারিট? প্রশ্নটা শুনে খুব বেশি ভাবতে হলো না হামজা চৌধুরীকে। বাংলাদেশের এই মিডফিল্ডারের বিশ্বাস, শিরোপার লড়াইয়ে এগিয়ে তাঁর দলই। আত্মবিশ্বাসটা শুধু কথার কথা নয়, সতীর্থদের সামর্থ্য এবং সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভর করেই এমন বিশ্বাস হামজার।

২৩ বছর পর সাফের শিরোপা জয়ের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছে, সেটি পূরণ করতে চান তিনিও। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের হাতছানিও দেখছেন এই মিডফিল্ডার।

কিংস অ্যারেনায় আজ অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফের ফেবারিট নিয়ে প্রশ্নে হামজা বলেন, ‘ফেবারিট কে? আমার মনে হয় আমরাই ফেবারিট। আমি অন্তত সেটাই ভাবতে পছন্দ করব।’

ক্লাবের ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা। গতকাল দেশে এসেছেন তিনি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবেন। ঘরের মাঠে আবারও দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছেন তিনি। প্রতিটি ম্যাচ জিতেই ছন্দ ধরে রাখতে চান এই মিডফিল্ডার।

শুধু নিজের ওপর প্রত্যাশার চাপ নয়, পুরো দেশের শিরোপার আকাঙ্ক্ষাও বুঝতে পারছেন হামজা। তবে সতীর্থদের ওপর তাঁর আস্থা কম নয়। সিঙ্গাপুর ও হংকংয়ের মতো দলের বিপক্ষে খেলা এবং ভারতকে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের সামর্থ্যে বিশ্বাস আরও বাড়িয়েছে বলে মনে করেন তিনি।

হামজার ভাষায়, ‘পুরো দেশ আমাদের কাছে কী চায়, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। তবে এই দলের ওপর আমার অনেক আত্মবিশ্বাস আছে। আপনারা দেখেছেন যে আমরা সিঙ্গাপুর ও হংকংয়ের মতো দলের বিপক্ষে খেলেছি, ইতিমধ্যে ভারতকে হারিয়েছি। এই দলগুলোর সঙ্গে আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারি। আমরা জানি আমাদের খেলার মান আরও বাড়ানোর সামর্থ্য রয়েছে, আমরা আরও ভালো খেলতে পারব। তাই ইনশা আল্লাহ এই পর্যায়ে, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

শ্রীলঙ্কাকেও হালকাভাবে নিচ্ছেন না হামজা। তাঁর চোখে, গত এক বছরে দলটির যথেষ্ট উন্নতি হয়েছে। তবে বাংলাদেশও পিছিয়ে নেই। বরং ম্যাচে শ্রীলঙ্কার ওপরই বেশি চাপ থাকবে বলে মনে করেন তিনি। হামজা বলেছেন, ‘শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী একটি দল। আমার মনে হয় গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে উন্নতি আমরাও করেছি। ভুটানের সঙ্গে ম্যাচটি কঠিন ছিল, তবে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। ওদের ওপরই বেশি চাপ থাকবে, কারণ ওদের ম্যাচ না হারার একটা তাগিদ রয়েছে। তাই আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি, দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী এবং ইনশাআল্লাহ কাল আমরাই জিতব।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত