উয়েফা চ্যাম্পিয়নস লিগ

গত চার মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংলিশ ক্লাবকেই পেয়েছে রিয়াল মাদ্রিদ। চেলসি দুবার, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল খেলেছে একবার করে। কিন্তু কেউই টপকাতে পারেনি রিয়ালের বাধা। চ্যালেঞ্জটা এবার আর্সেনালের সামনে। শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে আজ রিয়ালের মুখোমুখি হবে গানাররা।
চ্যাম্পিয়নস লিগে এর আগে দুই দলের দেখা হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে। তা নিয়ে অবশ্য সুখস্মৃতি রয়েছে আর্সেনালের। দুই লেগ মিলিয়ে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছিল তারা। শেষ আটে ওঠার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ভালোই ছন্দে ছিল মিকেল আর্তেতার দল। কিন্তু সর্বশেষ ম্যাচে পয়েন্ট হারিয়ে বসে দুর্বল এভারটনের বিপক্ষে।
সেই হতাশা ভুলে এমিরেটস স্টেডিয়ামে আজ অন্য রকম গল্প লিখতে চান আর্সেনাল ফরোয়ার্ড লিয়ান্দ্রো ত্রসার, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আমাদের জন্য বড় একটি ম্যাচ এটি। সবাই এটা নিয়ে মুখিয়ে আছে, শুধু খেলোয়াড়েরা নয়, সমর্থকেরাও। রিয়াল মাদ্রিদ কেমন, আমরা তা জানি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে তারা। আশা করি, বেশ উত্তেজনাপূর্ণ আবহ থাকবে ম্যাচে। কারণ, আমাদের সেটা দরকার হবে। প্রথম ম্যাচ যেহেতু ঘরের মাঠে, তাই আশা করি, এখান থেকে আমরা সুবিধা নিতে পারব।’
রিয়ালের ফর্ম যে দুরন্ত, তা বলার উপায় নেই। আর্সেনাল ড্র করেছে, কিন্তু লা লিগায় সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে কার্লো আনচেলত্তির দল। গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি মিস করে সমালোচনার আগুনে পুড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাই আজ রিয়াল পেনাল্টির কোনো সুযোগ যদি পায়, তাহলে সেখানে ভিনি নয়, এমবাপ্পেকে স্পট-কিক নিতে দেখা যেতে পারে।
রিয়ালের আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই। দুশ্চিন্তা করছেন না কোচ আনচেলত্তিও। কিন্তু মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে চোটের মিছিল ও রক্ষণের দুর্বলতা। কার্ড নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন না অঁরেলিয়ে চুয়ামেনি। চোট থেকে সেরে উঠতে পারেননি ফারলান্দ মেন্দিও। তা ছাড়া দানি কারভাহাল, দানি সেবায়োস ও এদের মিলিতাওকে পাচ্ছেন আনচেলত্তি।
চলতি মৌসুমে ৩১ গোল হজম করা বলে দেয়, রক্ষণ কতটা ভোগাচ্ছে রিয়ালকে। হতাশার সুরে আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পের আগমনের কারণে এ বছর আমাদের আক্রমণভাগ বেশি ভালো খেলছে। এখন পর্যন্ত ৩৩ গোল করেছে সে। কিন্তু রক্ষণে কিছুটা ভুগতে হচ্ছে আমাদের।’
বুকায়ো সাকা চোট কাটিয়ে ফিরে আসায় আক্রমণে আর্সেনালের শক্তি আরও বেড়েছে। তাই এমিরেটস স্টেডিয়ামের রক্ষণে প্রতিরোধ দৃঢ় করার ছক কষছেন আনচেলত্তি, ‘আমরা ভাবছি, কীভাবে রক্ষণভাগকে আরও উন্নত করা যায়। আমাদের বিপক্ষে গোল করার জন্য প্রতিপক্ষকে খুব একটা পরিশ্রম করা লাগে না। আর্সেনাল ম্যাচটা ভিন্ন হবে। কারণ, তারা বেশি আক্রমণ করবে। আমাদের আরও দৃঢ়তা দেখাতে হবে।’
রাতের অপর কোয়ার্টার ফাইনালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগে ইন্টারের সঙ্গে ৭ বারের দেখায় ৪ বারই জিতেছে তারা। তাই ফেবারিট হিসেবে আজ মাঠে নামছে ভিনসেন্ট কোম্পানির দল। ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেসও হুঁশিয়ারি দিয়ে রাখলেন, ‘জানি কঠিন হবে। তবে জেতার জন্যই নামব। কারণ, আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’

ফোনের ওপাশ থেকে অম্ল-মধুর অভিজ্ঞতাই শোনালেন সুলিভান ব্রাদার্সের নানি সুলতানা আলম। গতকাল রাতের আগপর্যন্ত দুই নাতি ডেকলান সুলিভান ও রোনান সুলিভানের সঙ্গে দেখাই করতে পারেননি। শিকড় যে তাঁকে দিয়েই বোনা।
১৬ মিনিট আগে
কোচিং নিয়ে তাঁর আগ্রহ অনেক দিনের। খেলা ছাড়ার পর বিসিবির দরজা তাঁর জন্য একপ্রকার বন্ধ হয়ে যায়। অবশেষে বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রফিক। যেখানে তিনি কাজ করবেন অভিজ্ঞ ও উঠতি স্পিনারদের সঙ্গে।
৩০ মিনিট আগে
ভালো অবস্থায় নেই ইতালির ফুটবল। টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে ধুয়ে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশনে পদত্যাগের হিড়িক পড়েছে। যার মধ্যে রয়েছেন প্রধান কোচ জেনারো গাত্তুসোও। এই মুহূর্তে আলোচনায় ইতালির কিংবদন্তি কোচ সিমিওনে ইনজাগি। যদিও ইতালির কোচের দায়িত্ব নেবেন কি না, সে ব্যাপারে কিছু খো
১২ ঘণ্টা আগে
২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
১৩ ঘণ্টা আগে